Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

13
1“আমি এই সব নিজের চোখে দেখেছি
আর নিজের কানে শুনে তা বুঝেছি।
2তোমরা যা জান আমিও তা জানি;
আমি তোমাদের চেয়ে নীচু নই।
3কিন্তু আমি সর্বশক্তিমানের সংগে কথা বলতে চাই,
ঈশ্বরের সংগে আমার ব্যাপার নিয়ে তর্ক করতে চাই।
4তোমরা তো সব কিছু মিথ্যা দিয়ে লেপে দিচ্ছ;
তোমরা সবাই অপদার্থ ডাক্তার।
5আহা, তোমরা সবাই যদি চুপ করে থাকতে!
তোমাদের জন্য সেটাই হত বুদ্ধিমানের কাজ।
6“এখন তোমরা আমার যুক্তি শোন;
আমার তর্কের কথায় কান দাও।
7ঈশ্বরের পক্ষ হয়ে কি তোমরা অন্যায় কথা বলবে?
তাঁর হয়ে কি ছলনার কথা বলবে?
8তাঁর পক্ষ হয়ে কি একচোখামি করবে?
ঈশ্বরের হয়ে কি তর্ক করবে?
9তিনি যদি তোমাদের পরীক্ষা করেন
তবে কি তোমাদের ভাল হবে?
মানুষকে যেমন ঠকানো যায়
তেমনি করে কি তোমরা তাঁকেও ঠকাতে পারবে?
10তোমরা যদি গোপনে একচোখামি কর
তাহলে নিশ্চয়ই তিনি তোমাদের বকুনি দেবেন।
11তাঁর মহিমা কি তোমাদের ভয় জাগায় না?
তাঁর ভয়ংকরতা দেখে কি তোমরা ভয় পাও না?
12তোমাদের নীতি কথাগুলো যেন চলতি কথার ছাইয়ের গাদা;
তোমাদের তর্কের কথাগুলো কাদার মত নরম।
13“তোমরা চুপ করে থাক, আমাকে কথা বলতে দাও;
তারপর আমার যা হবার তা-ই হোক।
14কেন আমি নিজেকে বিপদে ফেলব
আর আমার প্রাণকে হাতে রাখব?
15তিনি যদি আমাকে মেরেও ফেলেন
তবুও তাঁর উপর আমি আশা রাখব;
আমি নিশ্চয়ই তাঁর সামনে আমার পক্ষে কথা বলব।
16সেটাই হবে আমার রক্ষার উপায়,
কারণ কোন দুষ্ট লোক তাঁর সামনে আসতে পারবে না।
17আমার কথাগুলো মন দিয়ে শোন;
আমি যা বলছি তা তোমাদের কানে যাক।
18আমার পক্ষে যা বলবার তা আমি এখন ঠিক করেছি,
তাই আমি জানি যে, আমি নির্দোষ বলে প্রমাণিত হব।
19কেউ কি আমার বিরুদ্ধে নালিশ জানাতে পারে?
পারলে আমি নীরবে মারা যাব।
20-21“হে ঈশ্বর, আমাকে কেবল এই দু’টা জিনিষ দাও:
আমার উপর থেকে তোমার হাত দূরে সরিয়ে নাও,
আর তোমার ভয়ংকরতা দিয়ে আমাকে আর ভয় দেখিয়ো না;
তাহলে আমি তোমার কাছ থেকে নিজেকে লুকাব না।
22তারপর তুমি আমাকে ডেকো, আমি উত্তর দেব,
কিম্বা আমাকে কথা বলতে দাও
আর তুমি তার উত্তর দিয়ো।
23বল, আমার অন্যায় আর পাপ কি?
আমার দোষ ও পাপ আমাকে দেখিয়ে দাও।
24কেন তুমি মুখ লুকিয়ে রাখছ
আর আমাকে শত্রু বলে ভাবছ?
25যে পাতা বাতাসে ওড়ে তাকে কি তুমি ভয় দেখাবে?
শুকনা তুষের পিছনে কি তুমি তাড়া করবে?
26তুমি তো আমার বিরুদ্ধে তেতো কথা লিখছ,
আমার যৌবনের পাপের ফল আমাকে ভোগ করাচ্ছ।
27তুমি আমার পায়ে বেড়ী দিয়েছ;
আমার সমস্ত পথের উপর তুমি কড়া নজর রেখেছ
আর আমার পায়ের ধাপের সীমা বেঁধে দিয়েছ।
28“মানুষ তো পচা জিনিষের মত নষ্ট হয়ে যাচ্ছে
আর পোকায় কাটা কাপড়ের মত হচ্ছে।