Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

18
বিল্দদের দ্বিতীয় কথা
1তখন শূহীয় বিল্দদ উত্তরে বললেন,
2“তোমার এই সব কথা বলা কখন শেষ হবে?
তুমি ঠিকভাবে চিন্তা কর, তাহলে আমরা কথা বলতে পারব।
3আমাদের কেন পশুর মত মনে করছ?
তোমার চোখে কেন আমরা বুদ্ধিহীন হয়েছি?
4তুমি তো রাগে নিজেকে টুকরা টুকরা করছ;
তোমার জন্য কি পৃথিবী ত্যাগ করতে হবে?
নাকি পাহাড়কে তার জায়গা থেকে সরিয়ে দিতে হবে?
5“দুষ্টের বাতি নিভিয়ে ফেলা হবে;
তার আগুনের শিখা জ্বলবে না।
6তার তাম্বুর মধ্যে আলো অন্ধকার হবে;
তার কাছে রাখা বাতি নিভে যাবে।
7তার চলবার শক্তি দুর্বল হবে;
তার দেওয়া পরামর্শই তাকে নীচে ফেলে দেবে।
8তার পা-ই তাকে জালের মধ্যে ঠেলে ফেলবে;
সে সেই জালের মধ্যে পা দেবে।
9তার পায়ের গোড়ালী ফাঁদে পড়বে,
আর ফাঁদ তাকে আটকে রাখবে।
10তার জন্য মাটিতে ফাঁস লুকানো থাকবে;
তার পথে ফাঁদ পাতা থাকবে।
11ভয় তার চারপাশে থাকবে;
তার প্রতিটি ধাপে তা তার পিছু নেবে।
12বিপদ তার জন্য হা করে আছে;
সে পড়ে গেলেই ধ্বংস তার জন্য প্রস্তুত হয়ে আছে।
13তা তার দেহের চামড়া খেয়ে ফেলবে;
মৃত্যুর প্রথম সন্তান তার গোটা দেহটাই গিলে ফেলবে।
14তার তাম্বুর নিরাপদ অবস্থা থেকে তাকে উপ্ড়ে ফেলা হবে;
তাকে নিয়ে যাওয়া হবে ভয়-রাজার কাছে।
15তার তাম্বুতে তার নিজের কিছুই থাকবে না;
তার বাসস্থানের উপরে জ্বলন্ত গন্ধক ছড়ানো হবে।
16নীচে তার শিকড় শুকিয়ে যাবে
আর উপরে তার ডালপালা মরে যাবে।
17পৃথিবী থেকে তার স্মৃতি মুছে যাবে;
দেশে তার নাম থাকবে না।
18তাকে আলো থেকে অন্ধকারে দূর করা হবে;
জগৎ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে।
19নিজের জাতির মধ্যে তার কোন বংশধর থাকবে না;
সে যেখানে থাকত সেখানে আর কেউ থাকবে না।
20পশ্চিম দেশের লোকেরা তার দুর্ভাগ্য দেখে অবাক হবে,
আর পূর্বদেশের লোকদের ভীষণ ভয় ধরে যাবে।
21দুষ্ট লোকের বাসস্থান সত্যিই এই রকম হবে;
যে ঈশ্বরকে জানে না তার দশা এই রকমই হবে।”