Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

23
ইয়োবের উত্তর
1তখন ইয়োব উত্তরে বললেন,
2“আজও আমার কান্না তিক্ততায় ভরা;
আমি কাতরাচ্ছি, তবুও ঈশ্বরের ভারী হাত আমার উপরে রয়েছে।
3যদি কেবল জানতাম কোথায় তাঁকে পাওয়া যায়,
যদি তাঁর বাসস্থানে আমি যেতে পারতাম,
4তবে আমি তাঁর কাছে আমার নালিশ জানাতাম
আর আমার নিজের পক্ষে অনেক কথা বলতাম।
5তখন তিনি আমাকে কি উত্তর দিতেন তা জানতে পারতাম,
আর যা বলতেন তা বুঝতে পারতাম।
6তিনি কি মহাশক্তিতে আমার সংগে তর্ক করতেন?
না, তিনি আমার প্রতি মনোযোগ দিতেন।
7তখন একজন সৎ লোক তাঁর কাছে নালিশ জানাতে পারত;
আমার বিচারকের হাত থেকে চিরকালের জন্য
আমি উদ্ধার পেতে পারতাম।
8“কিন্তু আমি যদি পূর্ব দিকে যাই সেখানে তিনি নেই;
যদি পশ্চিমে যাই সেখানেও তাঁকে খুঁজে পাওয়া যায় না।
9উত্তর দিকে তিনি যখন কাজ করেন তখন তাঁকে দেখা যায় না;
তিনি দক্ষিণে ফিরলে আমি তাঁকে দেখতে পাই না।
10কিন্তু আমি কোন্ পথে যাই তা তিনি জানেন;
তিনি আমাকে যাচাই করলে আমি খাঁটি সোনার মতই হব।
11আমি বিশ্বসভাবে তাঁর পিছনে চলেছি;
বিপথে না গিয়ে আমি তাঁর পথেই গিয়েছি।
12তাঁর আদেশ থেকে আমি সরে আসি নি;
আমার প্রয়োজনীয় খাবারের চেয়েও তাঁর মুখের কথার
আমি বেশী মূল্য দিয়েছি।
13কিন্তু তিনি সব কিছুতে স্থির থাকেন,
কেউ তাঁকে বাধা দিতে পারে না;
তাঁর যা খুশী তিনি তা-ই করেন।
14তিনি আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা-ই করেন;
ঐ রকম অনেক পরিকল্পনা তাঁর এখনও জমা রয়েছে।
15কাজেই আমি তাঁর সামনে ভীষণ ভয় পাই;
এই সব ভাবলে তাঁকে আমার ভয় লাগে।
16ঈশ্বর আমার অন্তর দুর্বল করেছেন;
সর্বশক্তিমান আমাকে ভীষণ ভয় দেখিয়েছেন।
17যদিও অন্ধকার আমার মুখ ঢেকে রেখেছে
তবুও তা আমাকে চুপ রাখতে পারে নি,
ঘন অন্ধকারও তা পারে নি।