Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

40
1সদাপ্রভু ইয়োবকে আরও বললেন,
2“সর্বশক্তিমানের সংগে যে ঝগড়া করছে
সে কি তাঁকে সংশোধন করবে?
ঈশ্বরের সংগে যে তর্ক করে সে তাঁকে উত্তর দিক।”
3তখন ইয়োব উত্তরে সদাপ্রভুকে বললেন,
4“আমি তো অযোগ্য, আমি কেমন করে তোমাকে উত্তর দেব?
আমার মুখে আমি হাত চাপা দিয়েছি।
5আমি একবার কথা বলেছি, কিন্তু উত্তর দেবার আমার কিছু নেই;
দু’বার বলেছি, কিন্তু আর বলব না।”
6তখন সদাপ্রভু ঝড়ের মধ্য থেকে ইয়োবকে বললেন,
7“তুমি বীরের মত কোমর বাঁধ;
আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করব
আর তুমি আমাকে উত্তর দেবে।
8তুমি আমার ন্যায়বিচারকে কি অগ্রাহ্য করবে?
তুমি যে নির্দোষ তা প্রমাণের জন্য কি তুমি আমাকে দোষী করবে?
9তোমার কি ঈশ্বরের মত শক্তি আছে?
তোমার স্বর কি তাঁর গর্জনের মত?
10তাহলে নিজেকে সাজাও দেখি গৌরব ও মহিমায়,
আর পরাও নিজেকে সম্মান ও মর্যাদার পোশাক।
11তোমার ভয়ংকর ক্রোধ ঢেলে দাও;
প্রত্যেক অহংকারী লোককে তোমার চাহনি দিয়ে নীচু কর।
12সব অহংকারী লোকদের তোমার চাহনি দিয়ে নীচুতে নামাও;
দুষ্টেরা যেখানে আছে সেখানেই তাদের গুঁড়া কর।
13তাদের সবাইকে একসংগে ধুলায় ঢেকে ফেল;
মৃতস্থানে তাদের বেঁধে রাখ।
14তাহলে আমি নিজেই স্বীকার করে নেব যে,
তোমার নিজের শক্তি তোমাকে রক্ষা করতে পারে।
15“বহেমোৎকে দেখ, তোমার সংগে আমি তাকেও তৈরী করেছি;
সে গরুর মতই ঘাস খায়।
16তার কোমরে কি শক্তি!
তার পেটের মাংসপেশীতে কত ক্ষমতা!
17তার লেজ এরস গাছের মত নড়ে;
তার ঊরুর মাংসপেশী শক্ত করে জোড়া লাগানো।
18তার হাড়গুলো যেন ব্রোঞ্জের নল,
সেগুলো লোহার ডাণ্ডার মত।
19ঈশ্বরের সৃষ্টির মধ্যে তার স্থান প্রধান;
কেবল তার সৃষ্টিকর্তাই তাকে মেরে ফেলতে পারেন।
20পাহাড়ে যা জন্মায় তা-ই সে খায়,
সেখানকার সব বুনো পশুরা তার কাছেই খেলা করে।
21বাব্লা গাছের নীচে সে শুয়ে থাকে;
জলাভূমির নলবনের মধ্যে সে লুকিয়ে থাকে।
22বাব্লা গাছ তার ছায়ায় তাকে ঢেকে রাখে;
তাকে ঘিরে রাখে নদীর ধারের উইলো গাছ।
23নদীতে বেগে বান আসলেও সে ভয় পায় না;
যর্দনের জল বেগে এসে তার মুখে পড়লেও সে স্থির থাকে।
24তার চোখ আক্রমণ করে কেউ কি তাকে ধরতে পারে?
কেউ কি ফাঁদে ফেলে তার নাক ছেঁদা করতে পারে?