Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



11

শুচি ও অশুচি খাবার

1-3সদাপ্রভু মোশি ও হারোণকে ইস্রায়েলীয়দের বলতে বললেন, “ভূমির উপর বাস করা জীবজন্তুর মধ্যে যেগুলো জাবর কাটে আর সেই সংগে যেগুলোর খুর পুরোপুরি দু’ভাগে চেরা কেবল সেগুলোর মাংসই তোমরা খেতে পারবে। 4কোন কোন পশু কেবল জাবর কাটে, আবার কোন কোন পশুর কেবল চেরা খুর আছে; সেগুলো তোমাদের খাওয়া চলবে না। উট জাবর কাটলেও তার খুর চেরা নয়, সেইজন্য তা তোমাদের পক্ষে অশুচি। 5শাফনও জাবর কাটে কিন্তু তার খুর চেরা নয়, সেইজন্য তা-ও তোমাদের পক্ষে অশুচি। 6খরগোস জাবর কাটলেও তার খুর চেরা নয়, সেইজন্য তা-ও অশুচি। 7শূকরের খুর একেবারে দু’ভাগে চেরা, কিন্তু সে জাবর কাটে না, তাই তা তোমাদের পক্ষে অশুচি। 8এগুলোর মাংস তোমরা খাবে না এবং তাদের মৃতদেহও ছোঁবে না। এগুলো তোমাদের পক্ষে অশুচি।

9“সমুদ্র ও নদীর জলে যে সব প্রাণী বাস করে তাদের মধ্যে যাদের ডানা এবং গায়ে আঁশ আছে সেগুলো তোমরা খেতে পারবে। 10কিন্তু যেগুলোর ডানা আর আঁশ নেই সেগুলো ঘৃণার জিনিস বলে তোমাদের ধরে নিতে হবে- তা জলে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ানো প্রাণীই হোক কিম্বা অন্যান্য প্রাণীই হোক। 11ঘৃণার জিনিস বলে সেগুলো খাওয়া তোমাদের চলবে না এবং সেগুলোর মৃতদেহও ঘৃণার জিনিস বলে তোমাদের ধরে নিতে হবে। 12জলে বাস করে অথচ ডানা আর আঁশ নেই এমন সব প্রাণীদের ঘৃণার জিনিস বলে ধরে নিতে হবে।

13“কতগুলো পাখীও আছে যেগুলো ঘৃণার জিনিস বলে তোমাদের ধরে নিতে হবে, আর সেইজন্য সেগুলো তোমাদের খাওয়া চলবে না। সেগুলো হল ঈগল, শকুন, কালো শকুন, 14-16চিল, সব রকমের শিকারী বাজ, সব রকমের কাক, উট পাখী, লক্ষ্মীপেঁচা, গাংচিল, সব রকমের বাজ পাখী, 17কালপেঁচা, হাড়গিলা, হুতুম পেঁচা, 18সাদা পেঁচা, মরু-পেঁচা, সিন্ধুবাজ, 19সারস, সব রকমের বক, হুপ্‌পু পাখী আর বাদুড়।

20“যে সব চার পায়ে হাঁটা পোকা উড়ে বেড়ায় সেগুলোকে ঘৃণার জিনিস বলে ধরে নিতে হবে। 21তবে তার মধ্যে যেগুলোর হাঁটু আছে বলে মাটির উপর লাফিয়ে বেড়াতে পারে সেগুলোর কোন কোনটা তোমরা খেতে পারবে। 22সেগুলো হল সব রকমের পংগপাল, বাঘা-ফড়িং, ঝিঁঝি কিম্বা ঘাস-ফড়িং। 23কিন্তু অন্য যে সব উড়ে বেড়ানো পোকার চারটা করে পা আছে সেগুলোকে ঘৃণার জিনিস বলে ধরে নিতে হবে।

24“এগুলো দিয়ে তোমরা অশুচি হবে। যে কেউ তাদের মৃতদেহ ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 25যদি কেউ তাদের কোন একটার মৃতদেহ হাত দিয়ে তোলে তবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।

26“যে সব পশুর খুর চেরা হলেও পুরোপুরি দুই ভাগে ভাগ করা নয় কিম্বা যে সব পশু জাবর কাটে না সেগুলো তোমাদের পক্ষে অশুচি। যে এগুলো ছোঁবে সে অশুচি হবে। 27চার পায়ে হাঁটা জীবজন্তুর মধ্যে যেগুলো থাবায় ভর করে চলে সেগুলো তোমাদের পক্ষে অশুচি। যে তাদের মৃতদেহ ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 28যে কেউ তাদের মৃতদেহ হাত দিয়ে তুলবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। এই সব জীবজন্তু তোমাদের পক্ষে অশুচি।

29“যে সব ছোটখাটো প্রাণী মাটির উপর ঘুরে বেড়ায় সেগুলোর মধ্যে বেজী, ইঁদুর, সব রকমের গিরগিটি; 30তক্ষক, গোসাপ, টিকটিকি, রক্তচোষা এবং কাঁকলাস তোমাদের পক্ষে অশুচি। 31ছোটখাটো প্রাণীদের মধ্যে এগুলোই হবে তোমাদের পক্ষে অশুচি। এদের মরা দেহ যে ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 32এগুলোর যে কোন একটা মরে কোন জিনিসের উপর পড়লে সেটা অশুচি হবে- সেটা কাঠ, কাপড়, চামড়া কিম্বা চট যা দিয়েই তৈরী হোক না কেন আর যে কোন কাজেরই হোক না কেন। সেই জিনিসটা জলে ডুবিয়ে রাখতে হবে। সেটা সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে, তারপর তা শুচি হবে। 33এগুলোর মধ্যে কোন একটা যদি কোন মাটির পাত্রের মধ্যে পড়ে তবে তার ভিতরকার সব কিছু অশুচি হয়ে যাবে। সেই পাত্রটা ভেংগে ফেলতে হবে। 34সেই পাত্রের জল যদি কোন খাওয়ার জিনিসের উপর পড়ে তবে সেই খাওয়ার জিনিসও অশুচি হয়ে যাবে। সেই পাত্রের মধ্যে যদি কোন পানীয় থাকে তবে তা-ও অশুচি হয়ে যাবে। 35এগুলোর মরা দেহ কোন কিছুর উপর পড়লে তা-ও অশুচি হয়ে যাবে। এগুলো কোন তন্দুরে বা কোন চুলায় পড়লে তা ভেংগে ফেলতে হবে। সেই তন্দুর বা চুলা অশুচি, আর তোমাদের তা অশুচি বলেই মানতে হবে। 36তবে সেগুলো যদি কোন ফোয়ারা কিম্বা কূয়ার মধ্যে পড়ে তবে সেই ফোয়ারা বা কূয়া অশুচি হবে না; কিন্তু এদের মরা দেহ যে ছোঁবে সে নিজে অশুচি হবে। 37জমিতে বুনবার জন্য রাখা কোন বীজের উপর যদি এগুলোর কোন মরা দেহ পড়ে তবে তা অশুচি হবে না; 38কিন্তু বীজের উপর জল দেওয়া হলে পর যদি তা পড়ে তবে সেই বীজ তোমাদের পক্ষে অশুচি হবে।

39“তোমাদের খাওয়ায় বাধা নেই এমন কোন পশু মরে গেলে যে তার মরা দেহ ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 40কেউ যদি সেই মরা পশুর মাংস খায় তবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে এবং সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। কেউ যদি সেই মরা পশু হাত দিয়ে তোলে তবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে এবং সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।

41“যে সব ছোটখাটো প্রাণী মাটির উপর ঘুরে বেড়ায় তোমাদের তা ঘৃণার জিনিস বলে ধরে নিতে হবে। সেগুলো তোমাদের খাওয়া চলবে না। 42মাটির উপর ঘুরে বেড়ানো ছোটখাটো কোন প্রাণীই তোমরা খাবে না। সেগুলো সবই ঘৃণার জিনিস- সেগুলো পেটের উপর ভর দিয়েই চলুক আর চার পায়ে বা অনেক পায়েই হাঁটুক। 43সেগুলোর কোনটা দিয়ে তোমরা নিজেদের ঘৃণার পাত্র করে তুলবে না। তোমরা সেগুলো দিয়ে নিজেদের অশুচি করবে না কিম্বা সেগুলোকে তোমাদের অশুচি করতে দেবে না। 44আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। সেইজন্য তোমরা আমার উদ্দেশ্যে নিজেদের আলাদা করে রাখবে এবং পবিত্র হবে, কারণ আমি পবিত্র। মাটির উপরে ঘুরে বেড়ানো ছোটখাটো কোন প্রাণী দিয়ে তোমরা নিজেদের অশুচি করবে না, 45কারণ আমি সদাপ্রভু; তোমাদের ঈশ্বর হওয়ার জন্য আমি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি। আমি পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে।

46“পশু, পাখী এবং জলের মধ্যেকার প্রাণী আর মাটির উপর ঘুরে বেড়ানো সব ছোটখাটো প্রাণীদের সম্বন্ধে এই হল আমার আইন। 47কোন্‌টা শুচি আর কোন্‌টা অশুচি, কোন্‌ পশুর মাংস তোমরা খেতে পারবে আর কোন্‌ পশুর মাংস তোমরা খেতে পারবে না তা বুঝে তোমাদের চলতে হবে।”