Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



13

খারাপ চর্মরোগ সম্বন্ধে নিয়ম

1এর পর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, 2“যদি কারও গায়ের চামড়ার কোন জায়গা ফুলে ওঠে কিম্বা ফুসকুড়ি দেখা দেয় কিম্বা কিছুটা জায়গা চক্‌চকে বলে মনে হয় যা পরে কোন খারাপ চর্মরোগে দাঁড়াতে পারে, তবে তাকে পুরোহিত হারোণ কিম্বা তার ছেলেদের, অর্থাৎ পুরোহিতদের কারও কাছে নিয়ে যেতে হবে। 3পুরোহিত তার চামড়ার সেই জায়গাটা দেখবে। সেখানকার লোম যদি সাদা হয়ে গিয়ে থাকে আর রোগটা চামড়া ছাড়িয়ে আরও গভীরে চলে গেছে বলে মনে হয় তাহলে বুঝতে হবে ওটা একটা খারাপ চর্মরোগ। পুরোহিত তাকে দেখবার পর তাকে অশুচি বলে ঘোষণা করবে। 4তবে তার চামড়ার সেই চক্‌চকে জায়গাটুকু যদি সাদা হয় কিন্তু চামড়া ছাড়িয়ে গভীরে না গিয়ে থাকে আর সেখানকার লোমও যদি সাদা না হয়ে গিয়ে থাকে, তবে পুরোহিত সেই লোককে সাত দিন পর্যন্ত অন্য লোকদের থেকে দূরে সরিয়ে রাখবে। 5সেই সাত দিনের শেষ দিন পুরোহিত তাকে আবার দেখবে। যদি এর মধ্যে সেই রোগটা চামড়ার উপরে ছড়িয়ে না গিয়ে যেমন ছিল তেমনিই থেকে যায় তবে সে আরও সাত দিন তাকে সরিয়ে রাখবে। 6সেই সাত দিনের শেষ দিন পুরোহিত তাকে আবার দেখবে। যদি এর মধ্যে তার রোগটা চামড়ার উপর ছড়িয়ে না গিয়ে প্রায় মিলিয়ে গিয়ে থাকে তবে সে তাকে শুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা কেবল একটা ফুসকুড়ি, আর কিছু নয়। তখন লোকটাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে আর তারপর সে শুচি হবে।

7“কিন্তু পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবার পরে যদি সেই ফুসকুড়ি তার চামড়ার উপরে ছড়িয়ে পড়ে তবে আবার তাকে পুরোহিতের কাছে যেতে হবে। 8তখন পুরোহিত তাকে আবার দেখবে। যদি এর মধ্যে সত্যিই সেটা চামড়ার উপর ছড়িয়ে গিয়ে থাকে তবে সে তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা খারাপ চর্মরোগ।

9-10“কারও যদি চর্মরোগ হয় তবে তাকে পুরোহিতের কাছে নিয়ে যেতে হবে আর পুরোহিত তাকে দেখবে। যদি সেই রোগের লক্ষণ এমন হয় যে, চামড়ার উপরের কোন জায়গা সাদা হয়ে ফুলে উঠেছে আর সেখানকার লোম সাদা হয়ে গিয়েছে আর সেই ফোলা জায়গাটায় কাঁচা ঘা রয়েছে, 11তবে বুঝতে হবে ওটা একটা পুরানো খারাপ চর্মরোগ। তখন পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে। তাকে অন্যদের থেকে দূরে সরিয়ে রাখবার দরকার নেই, কারণ সে তো অশুচি হয়েই আছে। 12কিন্তু যদি লক্ষণটা অন্য রকম হয়ে রোগটা তার সারা গায়ে বেরিয়ে গিয়ে থাকে আর পুরোহিতের যতটা চোখে পড়ে তাতে যদি মনে হয় রোগীর মাথা থেকে পা পর্যন্ত সারা গায়েই তা আছে, 13তবে সে তাকে ভাল করে দেখবে। তাতে যদি দেখা যায় সত্যিই তা তার সারা গায়েই রয়েছে কিন্তু তা সাদা হয়ে গেছে তবে সে তাকে শুচি বলে ঘোষণা করবে। তার সারা গা সাদা হয়ে গেছে বলে সে অশুচি নয়। 14কিন্তু তার পরে যদি তার গায়ে কোন কাঁচা ঘা দেখা দেয় তবে সে অশুচি হবে। 15পুরোহিত সেই ঘা দেখবার পর তাকে অশুচি বলে ঘোষণা করবে। সেই ঘা অশুচি; তার খারাপ চর্মরোগ হয়েছে। 16পরে সেই কাঁচা ঘায়ের অবস্থা বদলে গিয়ে যদি তা সাদা হয়ে যায় তবে তাকে আবার পুরোহিতের কাছে যেতে হবে। 17তখন পুরোহিত তাকে আবার দেখবে। তার সারা গায়ে বেরিয়ে যাওয়া রোগটা যদি সত্যিই সাদা হয়ে গিয়ে থাকে তবে সে তাকে শুচি বলে ঘোষণা করবে, কারণ সে শুচি।

18-19“যদি কারও শরীরে ফোড়া উঠে সেরে যায় আর তারপর সেই জায়গাটা সাদা হয়ে ফুলে ওঠে কিম্বা লাল্‌চে-সাদা চক্‌চকে দেখা যায় তবে তাকে পুরোহিতের কাছে যেতে হবে। 20পুরোহিত তাকে দেখবে। যদি সেটা চামড়া ছাড়িয়ে গভীরে চলে গিয়ে থাকে এবং সেখানকার লোমও সাদা হয়ে গিয়ে থাকে তবে পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ সেটা ফোড়ার জায়গায় বের হওয়া খারাপ চর্মরোগ। 21কিন্তু পুরোহিত যদি কোন সাদা লোম সেখানে দেখতে না পায় এবং সেটা যদি চামড়া ছাড়িয়ে গভীরে না গিয়ে প্রায় মিলিয়ে যাবার মত হয়ে গিয়ে থাকে তবে পুরোহিত তাকে সাত দিন পর্যন্ত অন্যদের থেকে দূরে সরিয়ে রাখবে। 22কিন্তু যদি দেখা যায় সেটা চামড়ার উপর ছড়িয়ে যাচ্ছে তবে পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা রোগ। 23কিন্তু সেটার যদি কোন পরিবর্তন না হয় এবং ছড়িয়েও না পড়ে তবে বুঝতে হবে যে, ওটা ফোড়াটার একটা দাগ মাত্র। পুরোহিত তখন তাকে শুচি বলে ঘোষণা করবে।

24“যদি কারও গায়ে কোন জায়গা পুড়ে যায় আর সেই পোড়া জায়গার কাঁচা ঘায়ের মধ্যে লাল্‌চে-সাদা কিম্বা সাদা চক্‌চকে কোন কিছু দেখা যায়, 25তবে পুরোহিত সেটা পরীক্ষা করে দেখবে। যদি দেখা যায় সেখানকার লোম সাদা হয়ে গেছে আর সেই অংশটা চামড়া ছাড়িয়ে গভীরে চলে গেছে তবে বুঝতে হবে যে, সেই পোড়া জায়গায় খারাপ চর্মরোগ ফুটে বেরিয়েছে। পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা খারাপ চর্মরোগ। 26কিন্তু পুরোহিত পরীক্ষা করে যদি দেখতে পায় যে, সেখানকার লোম সাদা হয় নি এবং সেই অংশটা চামড়া ছাড়িয়ে গভীরে চলে যায় নি বরং প্রায় মিলিয়ে গেছে, তবে পুরোহিত তাকে সাত দিনের জন্য অন্যদের থেকে সরিয়ে রাখবে। 27ঐ সাত দিনের শেষ দিন পুরোহিত তাকে আবার পরীক্ষা করে যদি দেখতে পায় যে, চামড়ার উপর সেটা ছড়িয়ে পড়েছে তবে পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা খারাপ চর্মরোগ। 28কিন্তু সেই অংশটা যদি যেমন ছিল তেমনি থেকে যায় এবং রোগটা চামড়ার উপর না ছড়িয়ে প্রায় মিলিয়ে যাবার মত হয়ে গিয়ে থাকে, তবে বুঝতে হবে পুড়বার দরুন ওটা ফুলে উঠেছে। তখন পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা পোড়া দাগ মাত্র।

29“যদি কোন পুরুষ বা স্ত্রীলোকের মাথা বা দাড়ির মধ্যে রোগের লক্ষণ দেখা দেয়, 30তবে পুরোহিত তাকে পরীক্ষা করে দেখবে। যদি তার মনে হয় তা চামড়া ছাড়িয়ে গভীরে চলে গেছে এবং তার মধ্যেকার লোমও হলুদ আর সরু হয়ে গেছে তবে সে সেই লোককে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা এক রকম চুলকানি- মাথা এবং দাড়ির খারাপ চর্মরোগ। 31কিন্তু রোগ পরীক্ষা করবার সময় পুরোহিতের যদি মনে হয় যে, তা চামড়া ছাড়িয়ে গভীরে চলে যায় নি কিন্তু তার মধ্যে যে লোম রয়েছে তা কালো নয়, তবে সেই রোগীকে সে সাত দিন পর্যন্ত অন্যদের থেকে সরিয়ে রাখবে। 32তারপর সেই সাত দিনের শেষ দিনে পুরোহিত আবার তা পরীক্ষা করে যদি দেখে সেই চুলকানি ছড়িয়ে পড়ে নি এবং তার মধ্যেকার লোমও হলুদ নয় আর মনে হয় তা চামড়া ছাড়িয়ে গভীরে যায় নি, 33তবে চুলকানির জায়গাটা বাদ দিয়ে সেই লোকের বাদবাকী চুল বা লোম কামিয়ে ফেলতে হবে। এর পর পুরোহিত আরও সাত দিন তাকে অন্যদের থেকে সরিয়ে রাখবে। 34ঐ সাত দিনের শেষ দিন পুরোহিত তার সেই চুলকানি আবার পরীক্ষা করে যদি দেখে যে, সেটা চামড়ার উপরে ছড়িয়ে পড়ে নি আর মনে হয় সেটা চামড়া ছাড়িয়ে গভীরে যায় নি, তবে পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে। তারপর তাকে কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে আর তখন সে শুচি হবে। 35তাকে শুচি বলে ঘোষণা করবার পর যদি তার গায়ে সেই চুলকানি ছড়িয়ে পড়তে দেখা যায়, 36তবে পুরোহিত তাকে আবার দেখবে। যদি দেখা যায় সেই চুলকানি ছড়িয়ে পড়েছে তবে লোম হলুদ হয়েছে কি না তা ভাল করে পরীক্ষা করে দেখবার দরকার নেই, কারণ লোকটি অশুচি। 37কিন্তু পুরোহিত যদি মনে করে তা যেমন ছিল তেমনই আছে আর সেই চুলকানির জায়গায় কালো লোম গজিয়েছে তাহলে বুঝতে হবে সেটা ভাল হয়ে গেছে। সে শুচি হয়েছে এবং পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে।

38“কোন পুরুষ বা স্ত্রীলোকের চামড়ার উপর যদি কোন চক্‌চকে, অর্থাৎ সাদা চক্‌চকে দাগ দেখা দেয়, 39তাহলে পুরোহিত তা পরীক্ষা করে দেখবে। যদি সেই দাগগুলো ফ্যাকাশে সাদা হয় তাহলে বুঝতে হবে চামড়ার উপরে শ্বেতী হয়েছে আর তাতে কোন ক্ষতি হবে না, সে শুচি।

40“যদি কোন লোকের চুল উঠে গিয়ে মাথায় টাক পড়ে যায় তবে সে অশুচি হবে না। 41মাথার সামনের চুল উঠে গিয়ে যদি কারও কপালের উপরটায় টাক পড়ে যায় তাহলেও সে অশুচি হবে না। 42কিন্তু যদি তার টাকপড়া মাথায় বা কপালে রোগের কোন লাল্‌চে-সাদা রংয়ের লক্ষণ দেখা দেয় তবে বুঝতে হবে তার মাথায় বা কপালে খারাপ চর্মরোগ বের হয়েছে। 43পুরোহিত তাকে পরীক্ষা করতে গিয়ে যদি দেখে যে, খারাপ চর্মরোগের মত তার মাথার বা কপালের লাল্‌চে-সাদা অংশটা ফুলে উঠেছে, 44তবে বুঝতে হবে লোকটির খারাপ চর্মরোগ হয়েছে এবং সে অশুচি। তার মাথার সেই রোগের জন্য পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে।

45“এই রকম রোগ যার হবে তাকে ছেঁড়া কাপড় পরতে হবে। সে চুল খুলে রাখবে। তাকে তার মুখের নীচের দিকটা ঢেকে চিৎকার করে বলতে হবে, ‘অশুচি, অশুচি।’ 46তার দেহে যতদিন সেই ছোঁয়াচে রোগ থাকবে ততদিন সে অশুচি থাকবে। তাকে ছাউনির বাইরে একা থাকতে হবে।

ক্ষয়-করা ছাৎলা সম্বন্ধে নিয়ম

47-48“যদি কোন কাপড়ের কোন জায়গায় ক্ষয়-করা ছাৎলা ধরে- সেটা পশমের বা মসীনার কাপড়ের উপরে হোক কিম্বা বুনবার আগে পশম বা মসীনার সুতার টানা বা পোড়েনের উপরে হোক কিম্বা চামড়া বা চামড়ার জিনিসের উপরেই হোক- 49আর সেই জায়গাটা দেখতে যদি কিছুটা সবুজ কিম্বা লাল্‌চে হয় তবে বুঝতে হবে সেটা এক রকমের ক্ষয়-করা ছাৎলা। সেটা তখন পুরোহিতকে দেখাতে হবে। 50পুরোহিত সেটা ভাল করে দেখে সাত দিনের জন্য সেই জিনিসটা অন্য সব জিনিস থেকে সরিয়ে রাখবে। 51-52তারপর সেই সাত দিনের শেষের দিন পুরোহিত আবার সেটা দেখবে। যদি এর মধ্যে সেই কাপড় কিম্বা টানা-পোড়েনের সুতা কিম্বা চামড়া বা চামড়ার জিনিসের উপরকার ছাৎলা ছড়িয়ে গিয়ে থাকে তবে বুঝতে হবে সেটাতে ক্ষয়-করা ছাৎলা ধরেছে আর জিনিসটা অশুচি হয়ে গেছে। তখন সেই ছাৎলা-ধরা জিনিসটা পুড়িয়ে দিতে হবে, কারণ ওটা এক রকমের ক্ষয়-করা ছাৎলা। জিনিসটা তাই পুড়িয়ে দিতেই হবে।

53“কিন্তু পুরোহিত যদি দেখে যে, সেই কাপড় কিম্বা টানা-পোড়েনের সুতা কিম্বা চামড়া বা চামড়ার জিনিসের উপরে সেটা না ছড়িয়ে একই জায়গায় রয়ে গেছে, 54তবে সে ঐ জিনিসটা ধুয়ে ফেলবার আদেশ দেবে। তারপর সে ওটা আরও সাত দিন পর্যন্ত অন্য সব জিনিস থেকে সরিয়ে রাখবে। 55তারপর পুরোহিত আবার তা দেখবে। সেটা ছড়িয়ে না পড়লেও যদি দেখতে একই রকম থেকে যায় তবে বুঝতে হবে জিনিসটা অশুচি। জিনিসটার ভিতরে-বাইরে যেদিকেই সেই ছাৎলা থাকুক না কেন, সেটা আগুনে পুড়িয়ে দিতে হবে। 56জিনিসটা ধোওয়ার পরে পুরোহিত যদি দেখে যে, জায়গাটা ফ্যাকাশে হয়ে গেছে তবে সেই ফ্যাকাশে জায়গাটা তাকে ছিঁড়ে ফেলতে হবে। 57কিন্তু ঐ জিনিসটাতে যদি আবার ছাৎলা দেখা দেয় তবে বুঝতে হবে ওটা ছড়িয়ে পড়ছে। ঐ ছাৎলা-ধরা জিনিসটা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। 58জিনিসটা ধোওয়ার পরে যদি দেখা যায় ছাৎলা মিলিয়ে গেছে তবে সেটা আবার ধুয়ে নিতে হবে, আর তাতে সেটা শুচি হবে।”

59এই সব নিয়ম অনুসারে ক্ষয়-করা ছাৎলা-ধরা পশমী বা মসীনার কাপড়, টানা বা পোড়েনের কোন সুতা কিম্বা চামড়ার কোন জিনিস শুচি বা অশুচি বলে ঘোষণা করতে হবে।