Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

16
পাপ ঢাকা দেবার দিন
1হারোণের দুই ছেলে অন্যায়ভাবে সদাপ্রভুর সামনে উপস্থিত হয়ে মারা যাবার পরে সদাপ্রভু মোশির সংগে কথা বললেন। 2তিনি বললেন, “তোমার ভাই হারোণকে বল, সাক্ষ্য-সিন্দুকের উপরকার ঢাকনার সামনে যে পর্দা রয়েছে তার পিছনে সেই পবিত্র জায়গায় সে যেন তার খুশীমত যখন-তখন না যায়। তা করলে সে মারা যাবে, কারণ সেই ঢাকনার উপরে মেঘের মধ্যে আমি প্রকাশিত থাকি।
3“সেখানে ঢুকবার আগে সে যেন নিজেকে এইভাবে তৈরী করে নেয়। তাকে পাপ-উৎসর্গের জন্য একটা ষাঁড় ও পোড়ানো-উৎসর্গের জন্য একটা ভেড়া নিতে হবে। 4তার পরনে থাকবে পবিত্র মসীনার জামা আর নীচে থাকবে মসীনার তৈরী জাংগিয়া। তাকে মসীনার কোমর-বাঁধনি কোমরে বাঁধতে হবে আর মাথায় দিতে হবে মসীনার পাগড়ি। এগুলো পবিত্র পোশাক। তা পরবার আগে তাকে জলে স্নান করে নিতে হবে। 5পাপ-উৎসর্গের জন্য ইস্রায়েলীয়দের কাছ থেকে তাকে দু’টা ছাগল এবং পোড়ানো-উৎসর্গের জন্য একটা ভেড়া নিতে হবে। 6হারোণকে তার নিজের ও তার বংশধরদের পাপ ঢাকা দেবার জন্য পাপ-উৎসর্গের ষাঁড়টা উৎসর্গ করতে হবে। 7তারপর সেই দু’টা ছাগল নিয়ে তাকে মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর সামনে নিয়ে যেতে হবে। 8তাকে গুলিবাঁট করে দেখতে হবে যে, তার মধ্যে কোন্ ছাগলটা সদাপ্রভুর জন্য আর কোন্টা অজাজেলের জন্য। 9যে ছাগলটা সদাপ্রভুর বলে দেখা যাবে হারোণ সেটা নিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠান করবে। 10কিন্তু গুলিবাঁটে যে ছাগলটা অজাজেলের জন্য উঠবে সেটা জ্যান্ত অবস্থাতেই সদাপ্রভুর সামনে উপস্থিত করতে হবে এবং পাপ ঢাকা দেবার উদ্দেশ্যে অজাজেলের জন্য মরু-এলাকায় পাঠিয়ে দিতে হবে।
11“হারোণ তার নিজের ও তার বংশধরদের পাপ ঢাকা দেবার উদ্দেশ্যে তার নিজের পাপ-উৎসর্গের জন্য আনা সেই ষাঁড়টা নিয়ে কাটবে। 12সদাপ্রভুর সামনে যে বেদী রয়েছে সে সেই বেদী থেকে আগুনের পাত্রে জ্বলন্ত কয়লা ভরে নেবে আর মিহি করে গুঁড়ো করা দু’মুঠো সুগন্ধি ধূপও নেবে। এগুলো নিয়ে সে পর্দার পিছনে যাবে। 13সেখানে সদাপ্রভুর সামনে সে আগুনের উপরে ধূপ দেবে। সেই ধূপের ধূমায় সাক্ষ্য-সিন্দুকের উপরের ঢাকনাটা ঢাকা পড়ে যাবে আর তাতে সে মারা পড়বে না। 14তারপর তাকে সেই ষাঁড়ের কিছুটা রক্ত নিয়ে আংগুল দিয়ে ঢাকনাটার সামনের দিকের কিনারায় তা ছিটিয়ে দিতে হবে। এর পর আংগুল দিয়ে তাকে আরও কিছুটা রক্ত নিয়ে ঢাকনার সামনে সাতবার ছিটিয়ে দিতে হবে।
15“তারপর তাকে লোকদের পাপ-উৎসর্গের ছাগলটা কাটতে হবে এবং তার রক্ত নিয়ে পর্দার পিছনে গিয়ে ষাঁড়ের রক্ত দিয়ে যা করবার কথা বলা হয়েছে তা-ই করতে হবে। সিন্দুকের ঢাকনার উপরে ও সামনে সেই রক্ত তাকে ছিটিয়ে দিতে হবে। 16ইস্রায়েলীয়েরা যে পাপই করে থাকুক না কেন, তাদের সেই অশুচিতা এবং অবাধ্যতার দরুন মহাপবিত্র স্থানের অশুচিতা হারোণ এইভাবেই ঢাকা দেবার ব্যবস্থা করবে। ইস্রায়েলীয়দের অশুচিতার মাঝখানে দাঁড়িয়ে থাকা মিলন-তাম্বুর জন্যও তাকে সেই একই ব্যবস্থা করতে হবে। 17মহাপবিত্র স্থানে ঢুকে যতক্ষণ পর্যন্ত হারোণ তার নিজের ও তার বংশধরদের এবং গোটা ইস্রায়েল জাতির পাপ ঢাকা দেবার কাজ শেষ করে বের হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত কেউ মিলন-তাম্বুতে থাকতে পারবে না। 18মিলন-তাম্বু থেকে বের হয়ে এসে হারোণ সদাপ্রভুর সামনে যে বেদী রয়েছে সেখানে গিয়ে বেদীটার অশুচিতা ঢাকা দেবে। সেই ষাঁড় ও ছাগলটার কিছু রক্ত নিয়ে সে তা বেদীর শিংগুলোতে লাগিয়ে দেবে। 19বেদীটা শুচি করবার জন্য এবং সেটা ইস্রায়েলীয়দের অশুচিতা থেকে পবিত্র করবার জন্য সে আংগুল দিয়ে তার উপর সাতবার রক্ত ছিটিয়ে দেবে।
20“মহাপবিত্র স্থান, মিলন-তাম্বু এবং বেদীর অশুচিতা ঢাকা দেবার অনুষ্ঠান শেষ করে হারোণ সেই জ্যান্ত ছাগলটা নিয়ে আসবে। 21সে তার দুই হাত সেই জ্যান্ত ছাগলটার মাথার উপর রাখবে এবং ইস্রায়েলীয়দের সমস্ত অন্যায় ও অবাধ্যতা, অর্থাৎ তাদের সমস্ত পাপ স্বীকার করে তা ছাগলটার মাথার উপর চাপিয়ে দেবে। তারপর এই কাজের জন্য তৈরী হয়ে আছে এমন একজন লোককে দিয়ে সে সেটা মরু-এলাকায় পাঠিয়ে দেবে। 22সেই লোকটিই সেটাকে মরু-এলাকায় ছেড়ে দিয়ে আসবে। ছাগলটা কোন নির্জন জায়গায় তাদের সমস্ত অন্যায় বয়ে বেড়াবে।
23“মহাপবিত্র স্থানে ঢুকবার আগে হারোণ যে সব মসীনার কাপড় পরবে মিলন-তাম্বুতে ফিরে এসে সেগুলো তাকে খুলে সেখানেই রেখে দিতে হবে। 24তারপর সে পবিত্র তাম্বু-ঘরের এলাকায় গিয়ে জলে স্নান করে পুরোহিতের নিয়মিত কাপড়-চোপড় পরবে। এর পর সে বের হয়ে এসে তার নিজের ও লোকদের জন্য একটা করে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করে তার নিজের ও লোকদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা করবে। 25পাপ-উৎসর্গের পশুর চর্বি তাকে বেদীর উপর পুড়িয়ে দিতে হবে। 26যে লোকটি অজাজেলের জন্য ছাগলটাকে ছেড়ে দিয়ে আসবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর তারপর সে ছাউনির মধ্যে ঢুকতে পারবে। 27পাপ ঢাকা দেবার জন্য পাপ-উৎসর্গের যে ষাঁড় ও ছাগলের রক্ত মহাপবিত্র স্থানে নিয়ে যাবার কথা বলা হয়েছে সেগুলোর দেহ ছাউনির বাইরে নিয়ে গিয়ে চামড়া, মাংস এবং গোবর সুদ্ধ সব কিছু পুড়িয়ে দিতে হবে। 28যে লোকটি তা পোড়াবার জন্য নিয়ে যাবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে আর তার পরে সে ছাউনির মধ্যে ঢুকতে পারবে।
29“এর পর যা বলছি তা তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম হয়ে থাকবে। বছরের সপ্তম মাসের দশম দিনের দিন তোমরা প্রত্যেকে নিজের অন্তর ভেংগেচুরে কষ্টস্বীকার করবে। সেই দিন কোন কাজ করা চলবে না। ইস্রায়েলীয়ই হোক কিম্বা ইস্রায়েলীয়দের মধ্যে বাস করা অন্য জাতির লোকই হোক, সকলকেই তা মানতে হবে, 30কারণ এই দিনেই তোমাদের পাপ ঢাকা দেবার অনুষ্ঠান করে তোমাদের শুচি করে নেওয়া হবে, আর তার পরে তোমরা সদাপ্রভুর সামনে তোমাদের সমস্ত পাপ থেকে শুচি হবে। 31এই দিনটা হবে তোমাদের কাজ থেকে বিশ্রামের দিন। এই দিনে তোমরা প্রত্যেকে নিজের অন্তর ভেংগেচুরে কষ্টস্বীকার করবে। এটা হবে একটা স্থায়ী নিয়ম। 32-33যখন যে পুরোহিতকে মহাপুরোহিত হিসাবে অভিষেক করে তার বাবার পদে বহাল করা হবে তখন সে-ই এই পাপ ঢাকা দেবার অনুষ্ঠান করবে। তাকে সেই পবিত্র মসীনার পোশাক পরে মহাপবিত্র স্থানের, মিলন-তাম্বুর, বেদীর, পুরোহিতের এবং গোটা ইস্রায়েল জাতির অশুচিতা ও পাপ ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে।
34“এটা হবে তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম। বছরে একবার করে ইস্রায়েলীয়দের সব পাপের জন্য এই পাপ ঢাকা দেবার অনুষ্ঠান করতে হবে।”
মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ মতই সব কিছু করা হয়েছিল।