Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

18
দেহের মিলন সম্বন্ধে নিষেধ
1-2সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের বলতে বললেন, “আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। 3সেইজন্য তোমরা যেখানে বাস করতে সেই মিসর দেশের লোকেরা যা করে তোমরা তা করবে না এবং আমি যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি সেই কনান দেশের লোকেরা যা করে তা-ও তোমরা করবে না। তোমরা সেই সব লোকদের চালচলন অনুসারে চলবে না। 4তোমাদের চলতে হবে আমার আইন-কানুন অনুসারে। আমার দেওয়া নিয়ম তোমাদের যত্নের সংগে পালন করতে হবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। 5আমার নিয়ম ও আইন-কানুন তোমাদের পালন করতে হবে, কারণ যে তা পালন করবে সে তার মধ্য দিয়েই জীবন পাবে। আমি সদাপ্রভু।
6“নিকট সম্বন্ধ আছে এমন কোন আত্মীয়ার সংগে দেহের মিলন চলবে না। আমি সদাপ্রভু। 7তোমাদের মধ্যে কেউ যেন নিজের মায়ের সংগে দেহে মিলিত হয়ে বাবার অসম্মান না করে। সে তার মা; মায়ের সংগে দেহের মিলন চলবে না। 8সৎমায়ের সংগে দেহের মিলন চলবে না। তা করলে বাবাকে অসম্মান করা হবে। 9নিজের বোন বা সৎবোনের সংগে দেহের মিলন চলবে না- সে বাবার মেয়ে হোক বা মায়ের মেয়ে হোক, আর তাদের জন্ম একই বাড়ীতে হোক বা ভিন্ন ভিন্ন জায়গাতেই হোক। 10ছেলে বা মেয়ের ঘরের নাতনীর সংগে দেহের মিলন চলবে না; তাতে নিজেরই অসম্মান হবে। 11সৎমায়ের গর্ভে যে বোনের জন্ম হয়েছে তার সংগে দেহের মিলন চলবে না। সে বোন। 12পিসীমার সংগে দেহের মিলন চলবে না, কারণ তার সংগে বাবার রক্তের সম্বন্ধ রয়েছে। 13মাসীমার সংগে দেহের মিলন চলবে না, কারণ তার সংগে মায়ের রক্তের সম্বন্ধ রয়েছে। 14বাবার কোন ভাইয়ের স্ত্রীর সংগে দেহের মিলন চলবে না, কারণ সে কাকীমা বা জেঠিমা। 15ছেলের বৌয়ের সংগে দেহের মিলন চলবে না। সে ছেলের স্ত্রী বলেই তার সংগে দেহের মিলন চলবে না। 16ভাইয়ের স্ত্রীর সংগে দেহের মিলন চলবে না। তা করলে ভাইকে অসম্মান করা হবে। 17একই সংগে কোন স্ত্রীলোক ও তার মেয়ের সংগে দেহের মিলনের সম্বন্ধ রাখা চলবে না। সেই স্ত্রীলোকের ছেলে বা মেয়ের ঘরের নাতনীর সংগে দেহের মিলন চলবে না, কারণ সেই স্ত্রীলোকের সংগে তাদের রক্তের সম্বন্ধ রয়েছে। এটা একটা নোংরা কাজ। 18স্ত্রী বেঁেচ থাকতে স্ত্রীর বোনকে সতীন হিসাবে বিয়ে করা চলবে না।
19“মাসিকের অশুচি অবস্থার সময় কোন স্ত্রীলোকের সংগে দেহের মিলনের জন্য যাওয়া চলবে না। 20অন্য কারও স্ত্রীর সংগে দেহে মিলিত হয়ে নিজেকে অশুচি করা চলবে না।
21“তোমাদের মধ্যে কেউ যেন তার ছেলে বা মেয়েকে মোলক দেবতার কাছে আগুনে পুড়িয়ে উৎসর্গ না করে কিম্বা অন্য কোন ভাবে নিজের ঈশ্বরের নামের পবিত্রতা নষ্ট না করে। আমি সদাপ্রভু।
22“স্ত্রীলোকের সংগে দেহে মিলিত হবার মত করে পুরুষের সংগে পুরুষের দেহে মিলিত হওয়া চলবে না। এটা একটা জঘন্য কাজ। 23পশুর সংগে দেহে মিলিত হয়ে কোন পুরুষের নিজেকে অশুচি করা চলবে না। কোন পশুর সংগে কোন স্ত্রীলোকের দেহের মিলন চলবে না। এই সব মিলন স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে।
24“এই রকমের কোন কাজ করে তোমাদের মধ্যে কেউ যেন নিজেকে অশুচি না করে, কারণ তোমাদের সামনে থেকে যে সব জাতিকে আমি তাড়িয়ে দেব তারাও ঐভাবে নিজেদের অশুচি করেছে। 25এতে তাদের দেশটা পর্যন্ত অশুচি হয়ে গেছে। তাই অন্যায়ের জন্য দেশটাকে আমি শাস্তি দিচ্ছি আর দেশটাও তার লোকদের বমি করে ফেলে দিতে যাচ্ছে। 26কিন্তু তোমরা আমার নিয়ম ও আইন-কানুন মেনে চলবে। তোমাদের জাতির কিম্বা তোমাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যেন এই রকমের কোন জঘন্য কাজ না করে। 27আগে থেকে যারা ঐদেশে বাস করে আসছে তারা ঐ সব কাজ করে দেশটাকে অশুচি করে ফেলেছে। 28তোমরাও যদি দেশটা অশুচি কর তবে সেখানকার আগের জাতিদের মত দেশটা তোমাদেরও বমি করে ফেলে দেবে।
29“যদি কেউ এই ধরনের কোন জঘন্য কাজ করে তবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে। 30আমার আদেশগুলো তোমরা মেনে চলবে এবং সেখানে পৌঁছে আগের বাসিন্দাদের জঘন্য চালচলনের কোনটাই তোমরা গ্রহণ করবে না। এই সব দিয়ে তোমরা নিজেদের অশুচি করবে না। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।”