Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

19
অন্যান্য নিয়ম
1-2সদাপ্রভু মোশিকে সমস্ত ইস্রা-য়েলীয়দের বলতে বললেন, “আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে। 3তোমরা তোমাদের মা-বাবাকে ভক্তি করবে এবং আমার বিশ্রামবার পালন করবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। 4মূর্তিপূজা করা তোমাদের চলবে না কিম্বা নিজেদের উপাসনার জন্য ছাঁচে ফেলে ধাতু দিয়ে কোন দেব-দেবতা তৈরী করা চলবে না। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
5“তোমরা যখন সদাপ্রভুর উদ্দেশে কোন যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করবে তখন তা এমন ভাবে করবে যাতে সদাপ্রভু তোমাদের উপর সন্তুষ্ট হন। 6অনুষ্ঠানের দিনে কিম্বা তার পরের দিনের মধ্যেই উৎসর্গের মাংস তোমাদের খেয়ে ফেলতে হবে। তৃতীয় দিনে যদি কিছু বাকী থেকেই যায় তবে তা পুড়িয়ে দিতে হবে, 7কারণ তৃতীয় দিনে সেই মাংস অশুচি হয়ে যায়। যদি কেউ সেই মাংস খায় তবে সদাপ্রভু সেই উৎসর্গ আর গ্রহণ করবেন না। 8যে তা খাবে তাকে তার অন্যায়ের জন্য দায়ী করা হবে, কারণ তাতে আমার পবিত্র জিনিসকে অপবিত্র করা হবে। সেই লোককে তার জাতি থেকে মুছে ফেলতে হবে।
9“ফসল কাটবার সময়ে তোমরা ক্ষেতের কিনারার ফসল কাটবে না এবং ক্ষেতে যা পড়ে থাকবে তা-ও কুড়াবে না। 10আংগুর ক্ষেত থেকে আংগুর তোলা হয়ে গেলে আবার তোমরা সেই ক্ষেতে আংগুর তুলতে যাবে না এবং পড়ে থাকা আংগুর কুড়াবে না। গরীব ও ভিন্ন জাতির লোকদের জন্য তা রেখে দিতে হবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
11“চুরি করা চলবে না, কাউকে ঠকানো চলবে না, মিথ্যা কথা বলা চলবে না। 12আমার নাম নিয়ে মিথ্যা প্রতিজ্ঞা করে তোমাদের ঈশ্বরের নামের পবিত্রতা নষ্ট করা চলবে না। আমি সদাপ্রভু।
13“কোন মানুষের উপর অন্যায় সুবিধা নেওয়া কিম্বা জুলুম করে তার জিনিস নেওয়া চলবে না। মজুরের দিনের পাওনা দিনেই দিয়ে দিতে হবে; তা সকাল পর্যন্ত আট্কে রাখা চলবে না। 14যে কানে শোনে না তাকে অভিশাপ দেবে না কিম্বা যে চোখে দেখে না তার পথে উছোট খাবার মত কোন জিনিস রাখবে না। তোমরা তোমাদের ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করে চলবে। আমি সদাপ্রভু।
15“অন্যায় বিচার করা চলবে না। বিচারে ছোট-বড় কারও পক্ষ নেওয়া চলবে না; তোমরা প্রত্যেকের প্রতি ন্যায়বিচার করবে। 16কারও নিন্দা করে বেড়ানো চলবে না। কোন মানুষের প্রাণের ক্ষতি হতে পারে এমন কিছু করা চলবে না। আমি সদাপ্রভু।
17“অন্যের প্রতি মনের মধ্যে ঘৃণা পুষে রাখা চলবে না। অন্যের দোষ অবশ্যই দেখিয়ে দিতে হবে যাতে তার দরুন তোমরা নিজেরা দোষী না হও। 18প্রতিশোধ নেওয়া চলবে না, কিম্বা কারও বিরুদ্ধে মনের মধ্যে হিংসার ভাব পুষে রাখা চলবে না। প্রত্যেক মানুষকে নিজের মত করে ভালবাসতে হবে। আমি সদাপ্রভু।
19“আমার নিয়ম মেনে চলতে হবে। বিভিন্ন জাতের পশুদের মধ্যে দেহের মিলন ঘটানো চলবে না। একই ক্ষেতে দুই রকম বীজ বোনা চলবে না। দুই জাতের সুতায় বোনা কাপড় পরা চলবে না।
20“অন্যের সংগে বিয়ের সম্বন্ধ করা হয়েছে অথচ টাকা দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় নি কিম্বা মুক্তি দেওয়া হয় নি এমন কোন দাসীর সংগে যদি কেউ দেহে মিলিত হয় তাহলে তাকে জরিমানা দিতে হবে। সেই দু’জনকে মেরে ফেলা চলবে না কারণ মেয়েটিকে ছাড়িয়ে নেওয়া হয় নি। 21কিন্তু সেই লোককে সদাপ্রভুর উদ্দেশে তার দোষ-উৎসর্গ হিসাবে মিলন-তাম্বুর দরজার কাছে একটা ভেড়া নিয়ে আসতে হবে। 22দোষ-উৎসর্গের সেই ভেড়াটা দিয়ে পুরোহিতকে সদাপ্রভুর সামনে তার সেই পাপ ঢাকা দিতে হবে। তাতে তার সেই পাপ ক্ষমা করা হবে।
23“তোমাদের দেশে গিয়ে যদি তোমরা কোন ফলের গাছ লাগাও তবে তার ফল তোমাদের তিন বছর পর্যন্ত নিষেধ করা ফল বলে ধরতে হবে। ঐ সময়ের মধ্যে ঐ ফল খাওয়া তোমাদের চলবে না। 24চতুর্থ বছরে গাছের সমস্ত ফল সদাপ্রভুর গৌরবের জন্য তাঁর উদ্দেশে উৎসর্গ করতে হবে। 25পঞ্চম বছর থেকে তোমরা সেই গাছের ফল খেতে পারবে। এতে তোমাদের গাছে প্রচুর ফলন হবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
26“রক্ত সুদ্ধ কোন মাংস খাওয়া চলবে না। লক্ষণ-বিদ্যা কিম্বা মায়াবিদ্যা ব্যবহার করা চলবে না। 27মাথার দু’পাশের চুল কাটা বা দাড়ির আগা ছাঁটা চলবে না। 28মৃত লোকদের জন্য শোক-প্রকাশ করতে গিয়ে দেহের কোন জায়গা ক্ষত করা চলবে না। দেহে কোন উল্কি-চিহ্ন দেওয়া চলবে না। আমি সদাপ্রভু।
29“নিজের মেয়েকে বেশ্যা বানিয়ে তাকে নীচে নামানো চলবে না। তা করলে দেশে বেশ্যাগিরি বেড়ে যাবে এবং শেষে দেশ নোংরামিতে ভরে যাবে। 30আমার আদেশ করা বিশ্রামের দিনগুলো পালন করতে হবে এবং আমার আবাস-তাম্বুর প্রতি ভক্তি রাখতে হবে। আমি সদাপ্রভু।
31“যারা ভূতের মাধ্যম হয় কিম্বা যারা মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখে তাদের কাছে যাওয়া চলবে না, কারণ তারা তোমাদের অশুচি করে তুলবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
32“যারা বৃদ্ধ তারা কাছে আসলে উঠে দাঁড়াতে হবে এবং তাদের সম্মান করতে হবে। তোমরা তোমাদের ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করবে। আমি সদাপ্রভু।
33“তোমাদের দেশে তোমাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকের সংগে খারাপ ব্যবহার করা চলবে না। 34নিজের জাতির লোকের সংগে যেমন ব্যবহার করা হয় তার সংগে তেমনই ব্যবহার করতে হবে। তাকে নিজের মত করে ভালবাসতে হবে, কারণ তোমরাও মিসরীয়দের মধ্যে অন্য জাতির লোক ছিলে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
35“বিচারে রায় দিতে অথবা কোন কিছু লম্বায় কিম্বা ওজনে কিম্বা পরিমাণে কতখানি তা মাপতে গিয়ে তোমরা অন্যায় কোরো না। 36তোমাদের দাঁড়িপাল্লা, বাটখারা এবং অন্যান্য মাপের জিনিস যেন ঠিক হয়। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। মিসর দেশ থেকে আমিই তোমাদের বের করে এনেছি। 37আমার সমস্ত নিয়ম তোমাদের পালন করতে হবে এবং সমস্ত আইন-কানুন মেনে চলতে হবে। আমি সদাপ্রভু।”