Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

3
যোগাযোগ-উৎসর্গ
1“যদি কেউ সদাপ্রভুর উদ্দেশে কোন যোগাযোগ-উৎসর্গ করতে চায় আর তার উৎসর্গের পশুটা যদি গরুর পাল থেকে নেওয়া হয়, তবে সেটা স্ত্রী বা পুরুষ যা-ই হোক না কেন তার গায়ে যেন কোন খুঁত না থাকে। 2উৎসর্গের জন্য আনা সেই পশুটার মাথার উপর উৎসর্গকারী তার হাত রাখবে এবং মিলন-তাম্বুর দরজার সামনে সেটা কাটবে। তারপর হারোণের ছেলেরা, অর্থাৎ পুরোহিতেরা তার রক্ত নিয়ে বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দেবে। 3সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠানের জন্য উৎসর্গকারীকে এই যোগাযোগ-উৎসর্গের পশু থেকে কতগুলো অংশ বের করে পুরোহিতকে দিতে হবে। এই অংশগুলো হল সেই পশুর পেটের ভিতরের বিভিন্ন অংশের উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি, 4বৃক্ক দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং বৃক্কের সংগে বের করে আনা কলিজার উপরের অংশ। 5বেদীতে জ্বলন্ত কাঠের উপরে যেখানে পোড়ানো-উৎসর্গ জ্বলতে থাকবে তার উপরে হারোণের ছেলেরা এগুলো রেখে পুড়িয়ে ফেলবে। এটা আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
6“সদাপ্রভুর উদ্দেশে যোগাযোগ-উৎসর্গের জন্য যদি কেউ পাল থেকে কোন ভেড়া বা ছাগল নিয়ে আসে তবে সেটা স্ত্রী বা পুরুষ যা-ই হোক না কেন তার গায়ে যেন কোন খুঁত না থাকে। 7উৎসর্গের জন্য যদি সে একটা ভেড়ার বাচ্চা আনে তবে তাকে সেটা সদাপ্রভুর সামনে উপস্থিত করতে হবে। 8সেই ভেড়ার বাচ্চার মাথার উপরে সে তার হাত রাখবে এবং মিলন-তাম্বুর সামনে সেটা কাটবে। তারপর হারোণের ছেলেরা তার রক্ত নিয়ে বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দেবে। 9সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠানের জন্য উৎসর্গকারীকে এই যোগাযোগ-উৎসর্গের পশু থেকে কতগুলো অংশ বের করে পুরোহিতকে দিতে হবে। এই অংশগুলো হল সেই পশুটার চর্বি, মেরুদণ্ডের নীচ থেকে কেটে নেওয়া চর্বিভরা গোটা লেজটা, পেটের ভিতরের বিভিন্ন অংশের উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি, 10বৃক্ক দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং বৃক্কের সংগে বের করে আনা মেটের উপরের অংশ। 11পুরোহিত এগুলো নিয়ে উৎসর্গ করা খাবার হিসাবে বেদীর উপর পুড়িয়ে ফেলবে। এটা সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা।
12“যদি সে এই উৎসর্গের জন্য একটা ছাগল নিয়ে আসে তবে সেটা তাকে সদাপ্রভুর সামনে উপস্থিত করতে হবে। 13তার মাথার উপরে সে হাত রাখবে এবং মিলন-তাম্বুর সামনে সেটা কাটবে। এর পর হারোণের ছেলেরা তার রক্ত নিয়ে বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দেবে। 14উৎসর্গকারী যে পশুটা উৎসর্গ করবে তা থেকে কতগুলো অংশ তাকে সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠানের জন্য বের করে পুরোহিতকে দিতে হবে। এই অংশগুলো হল সেই পশুটার পেটের ভিতরের বিভিন্ন অংশের উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি, 15বৃক্ক দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং বৃক্কের সংগে বের করে আনা মেটের উপরের অংশ। 16পুরোহিত এগুলো নিয়ে উৎসর্গ করা খাবার হিসাবে বেদীর উপর পুড়িয়ে ফেলবে। এটা আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন। উৎসর্গ করা পশুর চর্বির সমস্তটাই সদাপ্রভুর। 17তোমরা যেখানেই বাস কর না কেন তোমরা কোন চর্বি বা রক্ত খাবে না। এটাই হবে বংশের পর বংশ ধরে তোমাদের জন্য একটা চিরস্থায়ী নিয়ম।”