Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



14

ইস্রায়েলীয়দের বিদ্রোহ

1এই কথা শুনে ইস্রায়েলীয়েরা সকলে চেঁচামেচি করতে লাগল। তারা সারা রাত ধরে কান্নাকাটি করল। 2মোশি ও হারোণের বিরুদ্ধে তারা অনেক কথা বলল। তারা সবাই মিলে তাঁদের বলল, “মিসর দেশে বা এই মরু-এলাকায় মারা যাওয়াই ছিল আমাদের পক্ষে ভাল। 3যুদ্ধে মারা যাবার জন্য কেন সদাপ্রভু আমাদের সেই দেশে নিয়ে যাচ্ছেন? তারা আমাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কেড়ে নেবে। এর চেয়ে মিসরে ফিরে যাওয়া কি আমাদের ভাল নয়?” 4তারা একে অন্যকে বলল, “চল, একজন নেতা ঠিক করে নিয়ে আমরা মিসরেই ফিরে যাই।”

5এই অবস্থা দেখে মোশি ও হারোণ ইস্রায়েলীয়দের গোটা দলটার সামনেই মাটিতে উবুড় হয়ে পড়লেন। 6-7যাঁরা সেই দেশের খোঁজ-খবর নিতে গিয়েছিলেন তাঁদের মধ্য থেকে তখন নূনের ছেলে যিহোশুয় এবং যিফুন্নির ছেলে কালেব তাঁদের কাপড় ছিঁড়ে ইস্রায়েলীয়দের গোটা দলটাকে বললেন, “আমরা যে দেশটা দেখতে গিয়েছিলাম সেটা একটা চমৎকার দেশ। 8সদাপ্রভু যদি আমাদের উপর সন্তুষ্ট থাকেন তবে সেই দেশটায় তিনি আমাদের নিয়ে যাবেন যেখানে দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই, আর তিনি সেটা আমাদের দেবেন। 9তবে তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ কোরো না। তোমরা সেই দেশের লোকদের ভয় কোরো না; তাদের গিলে খেতে আমাদের দেরি হবে না। তাদের আর রক্ষার উপায় নেই। তাদের তোমরা ভয় কোরো না কারণ সদাপ্রভু আমাদের সংগে রয়েছেন।”

10কিন্তু দলের সবাই যিহোশুয় ও কালেবকে পাথর ছুঁড়ে মেরে ফেলবার কথা বলতে লাগল। তখন মিলন-তাম্বু থেকে সমস্ত ইস্রায়েলীয়দের সামনে সদাপ্রভুর মহিমা দেখা দিল। 11সদাপ্রভু মোশিকে বললেন, “আর কত কাল এই লোকগুলো আমাকে তুচ্ছ করে চলবে? তাদের মধ্যে আমি যে সব আশ্চর্য চিহ্ন দেখিয়েছি তার পরেও আর কতকাল তারা আমাকে অবিশ্বাস করবে? 12আমি একটা মড়ক আনব আর প্রতিজ্ঞা করা দেশের অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেব, কিন্তু তোমার মধ্য থেকে আমি তাদের চেয়েও বড় এবং শক্তিশালী একটা জাতি সৃষ্টি করব।”

13এই কথা শুনে মোশি সদাপ্রভুকে বললেন, “তা যদি কর তবে কথাটা মিসরীয়দের কানে যাবে। তাদের মধ্য থেকেই তো তুমি তোমার নিজের ক্ষমতায় এই সব লোকদের নিয়ে এসেছ। 14সেই কথা তখন মিসরীয়েরা এই দেশের লোকদেরও বলবে। হে সদাপ্রভু, এর মধ্যেই এই দেশের লোকেরা শুনেছে যে, তুমি ইস্রায়েলীয়দের সংগে সংগে আছ, আর হে সদাপ্রভু, তোমাকে খুব কাছেই দেখা যায়। তারা শুনেছে যে, তোমার মেঘ এদের উপর আছে আর দিনের বেলা তুমি মেঘের থামের মধ্যে এবং রাতের বেলা আগুনের থামের মধ্যে থেকে এদের আগে আগে চল। 15তাই তুমি যদি এদের সবাইকে একসংগে মেরে ফেল তবে যে সব জাতি তোমার সম্বন্ধে ঐ সব কথা শুনেছে তারা বলবে যে, 16সদাপ্রভু ঐ লোকদের কাছে যে দেশ দেবার শপথ করেছিলেন সেখানে নিয়ে যাবার ক্ষমতা নেই বলেই তিনি মরু-এলাকাতে তাদের মেরে ফেলেছেন।

17“এখন হে প্রভু, তুমি তোমার ক্ষমতা দেখাও। তুমি তো ঘোষণা করেছিলে, 18‘সদাপ্রভু সহজে অসন্তুষ্ট হন না, তাঁর ভালবাসার সীমা নেই এবং তিনি অন্যায় ও বিদ্রোহ ক্ষমা করেন, কিন্তু দোষীকে তিনি শাস্তি দিয়ে থাকেন; তিনি বাবার অন্যায়ের শাস্তি তার বংশের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকেন।’ 19মিসর দেশ ছেড়ে আসবার সময় থেকে এই পর্যন্ত তুমি যেমন তাদের ক্ষমা করে আসছ তেমনি তোমার সেই অটল ভালবাসার সংগে মিল রেখে তুমি এই লোকদের অন্যায় ক্ষমা কর।”

20তখন সদাপ্রভু বললেন, “তোমার কথামত আমি তাদের পাপ ক্ষমা করলাম। 21কিন্তু আমি বেঁচে আছি এই কথা যেমন সত্যি এবং সারা দুনিয়া আমার মহিমায় পরিপূর্ণ এই কথা যেমন সত্যি তেমনই সত্যি যে, 22-23এই লোকদের একজনও সেই দেশ দেখতে পাবে না, যে দেশ দেব বলে আমি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম। এর কারণ হল, এই লোকেরা আমার মহিমা এবং মিসরে আর মরু-এলাকায় দেখানো আমার আশ্চর্য চিহ্নগুলো দেখেও আমাকে অগ্রাহ্য করেছে এবং দশ দশবার আমার পরীক্ষা করেছে। যারা আমাকে তুচ্ছ করেছে তারা কেউই সেই দেশ দেখতে পাবে না। 24কিন্তু আমার দাস কালেবের মনে সেই রকম ভাব নেই এবং সে আমার কথা পুরোপুরি মেনে চলে। সেইজন্য যে দেশে সে গিয়েছিল আমি তাকে সেই দেশে নিয়ে যাব আর তার বংশধরেরা তা সম্পত্তি হিসাবে পাবে। 25সেই সব উপত্যকায় এখন অমালেকীয় ও কনানীয়েরা বাস করছে। তোমরা আগামী কাল পিছন ফিরে আকাবা উপসাগরের রাস্তা ধরে মরু-এলাকার দিকে যাত্রা করবে।”

26এর পর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, 27“আর কতকাল এই দুষ্ট জাতি আমার বিরুদ্ধে বক্‌বক্‌ করবে? তাদের বক্‌বক্‌ করা আমি শুনেছি।” 28সদাপ্রভু মোশি ও হারোণকে ইস্রায়েলীয়দের বলতে বললেন, “আমার জীবনের দিব্য দিয়ে বলছি যে, আমি সদাপ্রভু তোমাদের যা বলতে শুনেছি তা-ই আমি তোমাদের প্রতি করব। 29তোমাদের মধ্যে বিশ বছর বা তারও বেশী বয়সের যাদের লোকগণনার সময় গোণা হয়েছিল, অর্থাৎ যারা আমার বিরুদ্ধে বক্‌বক্‌ করেছিল, তাদের মৃতদেহ এই মরু-এলাকাতেই পড়ে থাকবে। 30বাস করবার জন্য যে দেশ তোমাদের দেব বলে আমি শপথ করেছিলাম একমাত্র যিফুন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া আর কেউ সেই দেশে ঢুকতে পারবে না। 31তোমাদের যে ছেলেমেয়েদের কেড়ে নেওয়া হবে বলে তোমরা বলেছিলে সেই ছেলেমেয়েদেরই আমি সেই দেশে নিয়ে যাব। এই ছেলেমেয়েরাই সেই দেশ ভোগ করবে যা তোমরা পায়ে ঠেলে দিয়েছ। 32তোমাদের মৃতদেহ এই মরু-এলাকায় পড়ে থাকবে। 33তোমাদের শেষ লোকটি এই মরু-এলাকায় মরে না যাওয়া পর্যন্ত তোমাদের অবিশ্বস্ততার জন্য তোমাদের ছেলেমেয়েরা চল্লিশ বছর ধরে এখানে ভেড়া চরিয়ে বেড়াবে। 34দেশটা দেখে আসতে যে চল্লিশ দিন লেগেছিল তার প্রত্যেক দিনের জন্য এক বছর করে মোট চল্লিশ বছর পর্যন্ত তোমরা তোমাদের অন্যায়ের জন্য কষ্ট ভোগ করবে এবং বুঝবে যে, আমি বিরুদ্ধে থাকলে অবস্থাটা কেমন হয়। 35এই দুষ্ট জাতির লোকেরা যারা আমার বিরুদ্ধে দল পাকিয়েছে তারা সবাই এই মরু-এলাকাতেই শেষ হয়ে যাবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”

36দেশটার খোঁজ-খবর নিয়ে আসবার জন্য মোশির পাঠিয়ে দেওয়া যে দলটা ফিরে এসে বাজে কথা ছড়িয়ে দিয়ে মোশির বিরুদ্ধে সমস্ত ইস্রায়েলীয়দের বক্‌বক্‌ করবার উস্‌কানি দিয়েছিল, 37অর্থাৎ যে লোকেরা সেই দেশ সম্বন্ধে বাজে কথা ছড়িয়ে দেবার জন্য দায়ী ছিল তারা সবাই সদাপ্রভুর সামনে মড়কে মারা গেল। 38বেঁচে রইলেন কেবল নূনের ছেলে যিহোশূয় এবং যিফুন্নির ছেলে কালেব।

39মোশি সদাপ্রভুর কথা সমস্ত ইস্রায়েলীয়দের জানালেন। তাতে মনের দুঃখে তারা ভেংগে পড়ল। 40পরের দিন খুব সকালে তারা সেই পাহাড়ী এলাকার দিকে যাবার জন্য তৈরী হয়ে বলল, “এই যে আমরা যাচ্ছি। আমরা পাপ করে ফেলেছি; এখন আমরা সদাপ্রভুর প্রতিজ্ঞা করা দেশেই যাব।”

41কিন্তু মোশি বললেন, “তোমরা সদাপ্রভুর আদেশের বিরুদ্ধে যাচ্ছ কেন? তোমাদের এই কাজ সফল হবে না। 42তোমরা যেয়ো না, কারণ সদাপ্রভু তোমাদের সংগে নেই। শত্রুদের কাছে তোমরা হেরে যাবে। 43সেখানে তোমরা অমালেকীয় ও কনানীয়দের সামনে পড়বে। তোমরা সদাপ্রভুর কাছ থেকে সরে গেছ বলে তিনি তোমাদের সংগে থাকবেন না। তাতে তোমরা যুদ্ধে মারা পড়বে।”

44তবুও তারা দুঃসাহস করে সেই পাহাড়ী এলাকার দিকে এগিয়ে গেল। কিন্তু মোশি গেলেন না আর সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকও ছাউনির মধ্যে রয়ে গেল। 45তাদের দেখে সেই পাহাড়ী এলাকার অমালেকীয় ও কনানীয়েরা নেমে এসে তাদের আক্রমণ করল এবং হর্মা শহর পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে গেল।