Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

10
শলোমনের সৎ উপদেশ
1শলোমনের সৎ উপদেশ।
জ্ঞানী ছেলে বাবার জীবনে আনন্দ আনে,
কিন্তু বিবেচনাহীন ছেলে মায়ের জীবনে দুঃখ আনে।
2অন্যায়ভাবে পাওয়া ধনে কোন লাভ হয় না,
কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি মৃত্যু থেকে উদ্ধার করে।
3সদাপ্রভু তাঁর ভক্তদের খিদেয় কষ্ট পেতে দেন না,
কিন্তু তিনি দুষ্টদের কামনা-বাসনা পূর্ণ হতে দেন না।
4অলসতা মানুষকে গরীব করে,
কিন্তু পরিশ্রম ধন নিয়ে আসে।
5জ্ঞানী ছেলে গরমকালে ফসল জমা করে,
কিন্তু লজ্জাদায়ী ছেলে ফসল কাটবার সময় ঘুমিয়ে থাকে।
6ঈশ্বরভক্তদের মাথায় অনেক আশীর্বাদ নেমে আসে,
কিন্তু দুষ্টদের অত্যাচারী মনোভাব
তাদের মুখের কথায় ঢাকা পড়ে।
7ঈশ্বরভক্ত লোকদের স্মৃতি আশীর্বাদ আনে,
কিন্তু দুষ্টদের নাম পচে যায়।
8যার অন্তরে জ্ঞান আছে সে আদেশ মানে,
কিন্তু বকবক করা অসাড়-বিবেক লোক ধ্বংস হয়ে যাবে।
9যে সততায় চলে সে নিশ্চিন্তে চলাফেরা করে,
কিন্তু যে বাঁকা পথে চলে সে ধরা পড়বে।
10যে লোক চোখ টিপে ইশারা করে সে দুঃখ দেয়;
বকবক করা অসাড়-বিবেক লোক ধ্বংস হয়ে যাবে।
11ঈশ্বরভক্তের মুখ জীবনের ফোয়ারার মত,
কিন্তু দুষ্টদের অত্যাচারী মনোভাব
তাদের মুখের কথায় ঢাকা পড়ে।
12ঘৃণা ঝগড়া-বিবাদ জাগিয়ে তোলে,
কিন্তু ভালবাসা সমস্ত অন্যায় ঢেকে রাখে।
13যাদের বিচারবুদ্ধি আছে তাদের মুখে জ্ঞান পাওয়া যায়,
কিন্তু যাদের বুদ্ধি নেই তাদের পিঠের জন্য আছে লাঠি।
14জ্ঞানী লোক জ্ঞান জমা করে,
কিন্তু অসাড়-বিবেকের মুখ সর্বনাশ ডেকে আনে।
15ধনীর ধনই তাদের দেয়াল-ঘেরা শহর;
গরীবদের অভাবই হল তাদের সর্বনাশ।
16ঈশ্বরভক্তদের মজুরি হল পরিপূর্ণ জীবন,
কিন্তু দুষ্টদের আয়ে পাপের বৃদ্ধি হয়।
17যে শাসন মানে সে জীবনের পথে চলে,
কিন্তু যে সংশোধনের কথা অগ্রাহ্য করে সে বিপথে যায়।
18যে লোক তার মনের মধ্যে ঘৃণা গোপন করে রাখে
সে মিথ্যা কথা বলে;
যে লোক নিন্দা রটায় সে বিবেচনাহীন।
19বেশী কথার মধ্যে অন্যায় উপস্থিত থাকে,
কিন্তু যে তার মুখ দমনে রাখে সে বুদ্ধিমান।
20ঈশ্বরভক্তদের জিভ্ খাঁটি রূপার মত,
কিন্তু দুষ্টদের অন্তরের দাম কম।
21ঈশ্বরভক্তদের মুখ অনেককে লালন-পালন করে,
কিন্তু বুদ্ধির অভাবে অসাড়-বিবেক লোকেরা মারা পড়ে।
22সদাপ্রভু যাকে আশীর্বাদ করেন সে-ই ধনী;
সেই আশীর্বাদে কোন দুঃখ-কষ্ট থাকে না।
23মন্দ কাজ করা বিবেচনাহীনের আনন্দ,
কিন্তু বুদ্ধিমানের আনন্দের বিষয় হল জ্ঞান।
24দুষ্ট লোকেরা যা ভয় করে তা-ই তাদের উপর ঘটবে,
কিন্তু ঈশ্বরভক্তদের ইচ্ছা পূরণ করা হবে।
25ঘুর্ণিঝড় বয়ে গেলে দুষ্ট আর থাকে না,
কিন্তু যে ঈশ্বরভক্ত সে চিরকাল অটল থাকে।
26দাঁতে সির্কা আর চোখে ধূমা লাগলে যেমন কষ্ট হয়,
তেমনি যারা অলসকে কোথাও পাঠায় তারা কষ্ট পায়।
27সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় আয়ু বাড়ায়,
কিন্তু দুষ্টদের আয়ু কমিয়ে দেওয়া হবে।
28ঈশ্বরভক্তদের আশায় আনন্দ আছে,
কিন্তু দুষ্টদের আশায় ছাই পড়বে।
29সদাপ্রভুর পথ সৎ লোকদের জন্য দুর্গের মত,
কিন্তু যারা মন্দ কাজ করে তাদের জন্য তা সর্বনাশ।
30ঈশ্বরভক্ত লোকেরা সব সময় অটল থাকবে,
কিন্তু দুষ্ট লোকেরা দেশে বাস করতে পারবে না।
31ঈশ্বরভক্তদের মুখ থেকে জ্ঞানের কথা বের হয়,
কিন্তু যে জিভ্ বাঁকা কথা বলে তা কেটে ফেলা হবে।
32ঈশ্বরভক্তদের মুখ উপযুক্ত কথা বলতে জানে,
কিন্তু দুষ্টদের মুখ কেবল বাঁকা কথাই বলে।