Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

118
1সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মংগলময়;
তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।
2ইস্রায়েলীয়েরা বলুক, “তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”
3হারোণের বংশ বলুক, “তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”
4সদাপ্রভুর ভক্তেরা বলুক, “তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”
5আমি বিপদে পড়ে সদাপ্রভুকে ডাকলাম;
তিনি আমার ডাকে সাড়া দিয়ে একটা খোলা জায়গায়
আমাকে বের করে আনলেন।
6সদাপ্রভু আমার পক্ষে আছেন, আমি ভয় করব না;
মানুষ আমার কি করতে পারে?
7আমার সাহায্যকারী হিসাবে সদাপ্রভু আমার পক্ষে আছেন,
তাই আমার শত্রুদের পরাজয় আমি দেখতে পাব।
8মানুষের উপরে নির্ভর করার চেয়ে
সদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভাল।
9উঁচু পদের লোকদের উপরে নির্ভর করার চেয়ে
সদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভাল।
10সমস্ত জাতি আমাকে ঘিরে ধরেছে,
কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের শেষ করে দেব।
11তারা আমাকে ঘিরে ধরেছে,
সত্যিই তারা আমাকে ঘিরে ধরেছে,
কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের শেষ করে দেব।
12মৌমাছির মত তারা আমাকে ঘিরে ধরেছে;
কাঁটা-ঝোপের আগুনের মতই তাড়াতাড়ি তারা নিভে গেছে।
সদাপ্রভুর নামে আমি তাদের নিশ্চয়ই শেষ করে দেব।
13আমি যাতে পড়ে যাই সেজন্য তারা আমাকে ধাক্কা মেরেছিল,
কিন্তু সদাপ্রভু আমাকে সাহায্য করলেন।
14সদাপ্রভুই আমার শক্তি, তিনিই আমার গান;
তাঁরই মধ্যে রয়েছে আমার উদ্ধার।
15সৎ লোকদের বাড়ীতে উদ্ধারের আনন্দধ্বনি শোনা যায়;
সদাপ্রভুর শক্তিশালী হাত মহৎ কাজ করেছে।
16সদাপ্রভুর শক্তিশালী হাত জয় দান করেছে;
সদাপ্রভুর শক্তিশালী হাত মহৎ কাজ করেছে।
17আমি মরব না, বেঁচে থাকব,
আর সদাপ্রভু যা করেছেন তা ঘোষণা করব।
18সদাপ্রভু আমাকে কড়া শাসন করেছেন,
কিন্তু মৃত্যুর হাতে তিনি আমাকে তুলে দেন নি।
19আমাকে ন্যায়বান সদাপ্রভুর ঘরের দরজা খুলে দাও,
যেন আমি সেখানে ঢুকে তাঁর ধন্যবাদ করতে পারি।
20এই তো সদাপ্রভুর ঘরের দরজা;
এর মধ্য দিয়েই সৎ লোকেরা ঢোকে।
21আমি তোমাকে ধন্যবাদ জানাব,
কারণ তুমি আমার কথা শুনেছ;
আমার উদ্ধার তোমারই মধ্যে রয়েছে।
22রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল
সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল;
23সদাপ্রভুই এটা করলেন,
আর তা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে।
24এই সেই দিন যা সদাপ্রভু ঠিক করেছেন;
এস, আমরা এই দিনে আনন্দ করি ও খুশী হই।
25হে সদাপ্রভু, মিনতি করি তুমি আমাদের উদ্ধার কর;
হে সদাপ্রভু, মিনতি করি সফলতা দান কর।
26যিনি সদাপ্রভুর নামে আসছেন তাঁর গৌরব হোক।
সদাপ্রভুর ঘর থেকে আমরা তোমাদের আশীর্বাদ করছি।
27সদাপ্রভুই ঈশ্বর, তিনিই আমাদের আলো দিয়েছেন।
পর্বের উৎসর্গের পশু তোমরা দড়ি দিয়ে বেদীর শিংয়ে বেঁধে দাও।
28তুমিই আমার ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাব;
তুমিই আমার ঈশ্বর, আমি তোমার গৌরব করব।
29সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মংগলময়;
তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।