Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

28
দায়ূদের গান।
1হে সদাপ্রভু, আমার আশ্রয়-পাহাড়, আমি তোমাকেই ডাকছি।
তুমি আমার কথায় কান বন্ধ করে থেকো না,
কারণ তুমি যদি চুপ করে থাক
তবে যারা মৃতস্থানে নেমে গেছে
তাদের মতই আমার দশা হবে।
2সাহায্যের জন্য আমি যখন তোমাকে ডাকি
আর তোমার মহাপবিত্র স্থানের দিকে হাত উঠাই,
তখন তুমি আমার মিনতি শুনো।
3যারা দুষ্ট, যারা মন্দ কাজ করে বেড়ায়,
যারা সকলের সংগে ভাল মুখে কথা বলে
অথচ অন্তরে পুষে রাখে মন্দ ইচ্ছা,
তাদের সংগে শাস্তি দেবার জন্য তুমি আমাকে টেনে নিয়ো না।
4তাদের কাজের ফল, তাদের মন্দ কাজের ফল, তুমি তাদের দাও;
তাদের হাত যে কাজ করেছে তার ফল তাদের দাও;
তাদের যা পাওনা তা-ই তাদের দাও।
5সদাপ্রভুর হাত যে কাজ করেছে
তার প্রতি তারা মনোযোগ দেয় নি,
কাজেই তিনি তাদের ধ্বংস করবেন, আবার গড়বেন না।
6ধন্য সদাপ্রভু, তিনি আমার মিনতি শুনেছেন।
7সদাপ্রভুই আমার শক্তি ও আমার ঢাল;
আমার অন্তর তাঁর উপরে নির্ভর করে,
তাই আমি সাহায্য পেয়েছি;
সেইজন্য আমার অন্তর আনন্দে ভরে উঠেছে,
আর আমি গানের মধ্য দিয়ে তাঁকে ধন্যবাদ দেব।
8সদাপ্রভুই তাঁর লোকদের শক্তি;
তিনিই তাঁর অভিষেক করা লোকের রক্ষাকারী দুর্গ।
9হে সদাপ্রভু, তোমার লোকদের তুমি রক্ষা কর,
তোমার সম্পত্তিকে তুমি আশীর্বাদ কর;
তুমি তাদের পালক হও
আর চিরকাল তাদের বয়ে নাও।