Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

38
দায়ূদের গান। একটা স্মৃতি-জাগানো গান।
1হে সদাপ্রভু, ক্রোধের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না,
কিম্বা অসন্তুষ্ট হয়ে আমাকে শাসন কোরো না;
2কারণ তোমার তীরগুলো আমাকে বিঁধেছে,
তোমার হাত আমাকে চেপে রেখেছে।
3তোমার ক্রোধের ফলে আমার দেহ স্বাস্থ্যহীন,
পাপের জন্য আমার হাড়ও সুস্থ নয়।
4আমার অন্যায়ের মধ্যে আমি ডুবে গেছি;
তা এমন বোঝার মত হয়েছে যা আমি বইতে পারি না।
5আমার বোকামির দরুন আমার ঘা থেকে দুর্গন্ধ বের হচ্ছে,
তাতে পচন ধরেছে।
6আমি কুঁজো হয়ে গেছি, একেবারে নূয়ে পড়েছি;
সারা দিন আমি মনে দুঃখ নিয়ে বেড়াই।
7আমার কোমরে জ্বালাময় ব্যথা হয়েছে,
আমার দেহ স্বাস্থ্যহীন।
8আমি দুর্বল হয়ে গেছি, একেবারে ভেংগে পড়েছি,
অন্তরের যন্ত্রণায় আমি কাতরাচ্ছি।
9হে প্রভু, আমার সমস্ত কামনা-বাসনা তোমার জানা আছে;
আমার দীর্ঘনিঃশ্বাস তোমার কাছ থেকে লুকানো নেই।
10আমার বুক ধুক্ধুক্ করছে, আমার শক্তি চলে গেছে,
এমন কি, আমার চোখও আঁধার হয়ে গেছে।
11আমার এই অবস্থা দেখে বন্ধু-বান্ধব ও সংগীরা
আমার কাছ থেকে দূরে দূরে থাকে,
এমন কি, আমার জ্ঞাতি-গোষ্ঠীরা দূরে সরে থাকে।
12আমাকে যারা মেরে ফেলতে চায়
তারা আমার জন্য ফাঁদ পেতেছে;
যারা আমার ক্ষতি করতে চায়
তারা আমাকে ধ্বংসের ভয় দেখায়;
সারা দিন তারা কেবল আমাকে ঠকাবার ফন্দি আঁটে।
13আমি যেন বয়রা হয়ে গেছি, কিছুই শুনি না;
যেন বোবা হয়ে গেছি, কিছুই বলি না।
14যে শোনে না আর যার মুখে কোন আপত্তি নেই,
আমি তার মতই হয়েছি।
15হে সদাপ্রভু, আমি তোমার দিকে চেয়ে আছি;
হে প্রভু, আমার ঈশ্বর, আমার উত্তর তুমিই দেবে;
16কারণ আমি বলেছিলাম, “যখন আমার পা পিছ্লে যাবে
তখন তা নিয়ে তুমি ওদের আনন্দ করতে দিয়ো না,
আমার বিরুদ্ধে বড়াই করতে দিয়ো না।”
17আমি তো প্রায় পড়েই যাচ্ছি;
আমার কষ্টের কথা সব সময় আমার মনে জাগছে।
18আমার দোষ আমি স্বীকার করছি;
আমার পাপের জন্য আমার মন দুশ্চিন্তায় ভরা।
19আমার শত্রুরা সতেজ ও শক্তিশালী;
যারা অকারণে আমাকে ঘৃণা করে তারা অনেক।
20আমি তাদের যে মংগল করি
তার বদলে তারা আমার অমংগল করে;
আমি যখন ভালোর খোঁজ করি
তখন তারা আমার বিরুদ্ধে দাঁড়ায়।
21হে সদাপ্রভু, আমাকে ত্যাগ কোরো না;
হে আমার ঈশ্বর, আমার কাছ থেকে দূরে থেকো না।
22হে প্রভু, আমার উদ্ধারকর্তা,
আমাকে সাহায্য করতে তুমি শীঘ্র এস।