Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

50
আসফের গান।
1শক্তিশালী ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর, কথা বলেছেন;
পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত
পৃথিবীর সবাইকে তিনি ডাক দিয়েছেন।
2সিয়োন থেকে, পরিপূর্ণ সৌন্দর্যের জায়গা থেকে,
ঈশ্বরের আলো ছড়িয়ে পড়েছে।
3আমাদের ঈশ্বর আসছেন, তিনি মুখ খুলবেন;
আগুন তাঁর আগে আগে
সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চলবে;
আর তাঁর চারপাশে ভীষণ ঝড় বইবে।
4তাঁর নিজের লোকদের বিচারে অংশ নেবার জন্য
উপরের আকাশকে তিনি ডাক দিচ্ছেন,
আর ডাক দিচ্ছেন পৃথিবীকে;
5তিনি বলছেন, “আমার সেই ভক্তদের আমার কাছে একত্র কর,
যারা পশু-উৎসর্গের মধ্য দিয়ে
আমার স্থাপন করা ব্যবস্থা গ্রহণ করেছে।”
6আকাশ তাঁর ন্যায়বিচারের কথা ঘোষণা করছে,
কারণ ঈশ্বর নিজেই বিচারক।
7“হে আমার লোকেরা, শোন, আমি কথা বলছি;
হে ইস্রায়েল, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছি;
আমি ঈশ্বর, তোমারই ঈশ্বর।
8তোমার পশু-উৎসর্গ নিয়ে আমি তোমাকে দোষী করছি না;
তোমার পোড়ানো-উৎসর্গ সব সময়ই তো আমার সামনে রয়েছে।
9তোমার গোয়ালের কোন ষাঁড়ের আমার দরকার নেই,
তোমার খোঁয়াড়ের ছাগলও নয়;
10কারণ বনের সব প্রাণীই আমার,
অসংখ্য পাহাড়ের উপরে ঘুরে বেড়ানো পশুও আমার।
11এমন কি, পাহাড়ের সব পাখীও আমার জানা আছে,
মাঠের সব প্রাণীও আমার।
12আমার খিদে পেলেও আমি তোমাকে বলতাম না,
কারণ পৃথিবী আমার
আর তার মধ্যে যা কিছু আছে সবই আমার।
13তুমি কি মনে কর ষাঁড়ের মাংস আমার খাবার?
ছাগলের রক্ত কি আমি খাই?
14ঈশ্বরের কাছে তোমার ধন্যবাদই তোমার উৎসর্গ হোক;
সেই মহানের কাছেই তোমার সব মানত পূরণ করতে থাক।
15তোমার বিপদের দিনে তুমি আমাকে ডেকো;
আমি তোমাকে উদ্ধার করব
আর তুমি আমাকে সম্মান করবে।”
16কিন্তু ঈশ্বর দুষ্ট লোকদের এই কথা বলেন,
“আমার আইন-কানুনের কথা বলার
কিম্বা আমার ব্যবস্থার কথা মুখে আনার
তোমার কি অধিকার আছে?
17তুমি তো আমার শাসন ঘৃণা কর
আর আমার কথার ধার ধারো না।
18চোরকে দেখলে তুমি তাকে সায় দাও,
ব্যভিচারীদের সংগে মেলামেশা কর।
19মন্দ কথায় তোমার মুখ খোলা,
তোমার জিভ্ ছলনার বশে থেকে কথা বলে।
20তুমি বসে বসে তোমার নিজের ভাইয়ের বিরুদ্ধে
কথা বলে থাক আর তার নিন্দা কর।
21এ সবই তুমি করেছ, কিন্তু আমি মুখ খুলি নি;
তুমি ভেবেছ আমি তোমারই মত একজন,
কিন্তু আমি তোমার দোষ দেখিয়ে দেব
আর তোমার সব কিছু তোমার চোখের সামনে পর পর তুলে ধরব।
22“তোমরা যারা ঈশ্বরকে ভুলে গেছ কথাটা একবার ভেবে দেখো;
তা না হলে আমি তোমাদের ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলব,
তোমাদের বাঁচাবার কেউ থাকবে না।
23যার জীবনে ধন্যবাদই হল তার উৎসর্গ
সে-ই আমাকে সম্মান করে;
যে আমার পথে চলে তাকে আমি উদ্ধার করব।”