Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

57
গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “ধ্বংস কোরো না।” দায়ূদের একটা মিক্তাম। শৌলের কাছ থেকে পালিয়ে গিয়ে দায়ূদ যখন গুহায় আশ্রয় নেন, গানটা সেই সময়কার।
1আমার প্রতি দয়া কর; হে ঈশ্বর, আমার প্রতি তুমি দয়া কর,
কারণ তোমার মধ্যেই আমি আশ্রয় নিয়েছি।
তোমার ডানার ছায়ার আশ্রয়ে আমি থাকব
যতদিন না আমার উপর থেকে এই বিপদের ঝড় সরে যায়।
2আমি মহান ঈশ্বরকে ডাকব;
যিনি আমাকে দেওয়া তাঁর সব কথাই রক্ষা করেন
আমি তাঁকেই ডাকব।
3স্বর্গ থেকে তাঁর সাহায্য নেমে আসবে;
যারা আমাকে তাড়া করে বেড়ায়
তাদের দোষের কথা বলতে তিনি ছাড়বেন না। [সেলা]
ঈশ্বরের কাছ থেকে তাঁর অটল ভালবাসা ও বিশ্বস্ততা নেমে আসবে।
4খিদেয় পাগল সিংহের মত লোকদের মাঝখানে আমি শুয়ে আছি;
তাদের দাঁত যেন বর্শা আর তীর,
আর জিভ্ ধারালো তলোয়ার।
5হে ঈশ্বর, তোমার মহিমা আকাশ ছাপিয়ে উঠুক;
তোমার গৌরব সমস্ত পৃথিবীর উপরে দেখা দিক।
6তারা আমার চলার পথে জাল পেতেছে;
অত্যাচারে আমি ভেংগে পড়েছিলাম;
তারা আমার পথে গর্ত খুঁড়েছে,
কিন্তু তারা নিজেরাই তাতে পড়েছে। [সেলা]
7হে ঈশ্বর, আমার মন স্থির আছে, টলে নি;
আমি গান গাইব, গানের সুর তুলব।
8হে আমার অন্তর, জেগে ওঠো;
বীণা ও সুরবাহার, জেগে ওঠো;
আমি ভোরকে জাগিয়ে তুলব।
9হে প্রভু, বিভিন্ন জাতির সামনে আমি তোমার ধন্যবাদ করব,
তাদের মধ্যে তোমার উদ্দেশে গান গাইব;
10কারণ তোমার অটল ভালবাসা যেন আকাশ ছুঁয়েছে,
তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।
11হে ঈশ্বর, তোমার মহিমা আকাশ ছাপিয়ে উঠুক;
তোমার গৌরব সমস্ত পৃথিবীর উপরে দেখা দিক।