Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

80
গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “শাপলার সাক্ষ্য।” আসফের একটা গান।
1হে ইস্রায়েলের পালক, তুমি আমাদের কথায় কান দাও;
তুমি যোষেফের বংশকে ভেড়ার পালের মত করে চালিয়ে নিচ্ছ।
তুমি করূবদের উপরে আছ,
তোমার আলো তুমি ছড়িয়ে দাও।
2তুমি ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশি-গোষ্ঠীর সামনে
তোমার শক্তিকে জাগিয়ে তোল
আর আমাদের উদ্ধার করতে এস।
3হে ঈশ্বর, তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও;
তোমার দয়া আলোর মত করে আমাদের উপর পড়ুক,
আমরা তাতে উদ্ধার পাব।
4হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ঈশ্বর,
তোমার লোকদের প্রার্থনাতে
আর কতকাল তুমি অসন্তুষ্ট থাকবে?
5খাবার জিনিস হিসাবে তুমি চোখের জল তাদের খেতে দিয়েছ
আর প্রচুর চোখের জল পান করিয়েছ।
6তুমি এমন করেছ যাতে প্রতিবেশী জাতিরা
আমাদের নিয়ে ঝগড়া-বিবাদ করে।
আমাদের শত্রুরা আমাদের নিয়ে
নিজেদের মধ্যে হাসি-তামাশা করে।
7হে সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর,
আমাদের তুমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও;
তোমার দয়া আলোর মত করে আমাদের উপর পড়ুক,
আমরা তাতে উদ্ধার পাব।
8তুমি একটা আংগুর লতার মত
মিসর দেশ থেকে আমাদের আনলে;
অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে তুমি সেটা লাগালে।
9তুমি তার জন্য জমি পরিষ্কার করলে;
তার শিকড় মাটিতে বসে সারা দেশ ছেয়ে গেল।
10তার ছায়ায় পাহাড়-পর্বত ঢেকে গেল;
তার ডালপালা বড় বড় এরস গাছগুলো ঢেকে ফেলল।
11সাগর পর্যন্ত সে তার ডালপালা
আর ইউফ্রেটিস নদী পর্যন্ত তার নতুন নতুন ডাল ছড়িয়ে দিল।
12কেন তার রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিলে,
যার জন্য যারা তার পাশ দিয়ে যায় তারাই তার ফল ছেঁড়ে?
13বনের শুয়োর এসে তা খেয়ে ফেলে;
মাঠের প্রাণীরাও তা খায়।
14হে সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর, তুমি ফিরে এস;
স্বর্গ থেকে তুমি চেয়ে দেখ
আর এই আংগুর লতার দেখাশোনা কর,
15যে চারাগাছকে তুমি নিজের হাতে লাগিয়েছ,
যার ডাল তোমার নিজের জন্য তুমি শক্তিশালী করেছ;
16সেই গাছ আগুনে পুড়ে গেছে, তা কেটে ফেলা হয়েছে;
তোমার লোকেরা তোমার বকুনি খেয়ে শেষ হয়ে যাচ্ছে।
17তোমার বেছে নেওয়া লোকের উপর তুমি হাত রাখ;
হাত রাখ সেই মানুষের উপর
যাকে তুমি নিজের জন্য শক্তিশালী করেছ।
18তাহলে আমরা আর তোমার কাছ থেকে ফিরে যাব না;
তুমি আবার আমাদের জীবিত করে তোল,
আমরা তোমাকে তোমার যোগ্য সম্মান দেব।
19হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ঈশ্বর,
তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও;
তোমার দয়া আলোর মত করে আমাদের উপর পড়ুক,
আমরা তাতে উদ্ধার পাব।