Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

84
গান পরিচালকের সংকলনের জন্য। গিত্তীৎ। কোরহের বংশের গান।
1হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, কি সুন্দর তোমার বাসস্থান!
2আমার প্রাণ সদাপ্রভুর ঘরের উঠানগুলো দেখবার জন্য
আকুল হয়ে উঠেছে,
আর সেজন্য আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে;
জীবন্ত ঈশ্বরের জন্য আমার দেহ ও মন আনন্দে চিৎকার করছে।
3হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু,
আমার রাজা, আমার ঈশ্বর,
তোমার বেদীর কাছে চড়াই পাখী ঘর পেয়েছে,
খঞ্জন পাখীও বাচ্চা রাখবার বাসা পেয়েছে।
4ধন্য তারা, যারা তোমার ঘরে থাকে;
তারা সব সময় তোমার গৌরব করে। [সেলা]
5তোমার কাছ থেকে যারা শক্তি পায় তারা ধন্য।
ধন্য তারা, যাদের অন্তরে সিয়োনে যাবার পথের চিন্তা রয়েছে।
6বাকা-উপত্যকার মধ্য দিয়ে যাবার সময়
তারা জায়গাটাকে ফোয়ারার স্থান করে তোলে;
প্রথম বর্ষার বৃষ্টি সেই জায়গাটাকে আশীর্বাদে ভরে দেয়।
7যাওয়ার পথে তারা শক্তির উপরে শক্তি পায়;
তারা প্রত্যেকে সিয়োনে ঈশ্বরের সামনে গিয়ে উপস্থিত হয়।
8হে সদাপ্রভু, সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর,
আমার প্রার্থনা শোন;
হে যাকোবের ঈশ্বর, আমার কথায় কান দাও। [সেলা]
9হে ঈশ্বর, আমাদের ঢালকে দেখ;
তোমার এই অভিষিক্ত লোকের উপর তোমার দয়ার চোখ রাখ।
10অন্য জায়গায় হাজার দিন কাটানোর চেয়ে
তোমার ঘরের উঠানগুলোতে একটা দিন কাটানো অনেক ভাল;
দুষ্ট লোকদের তাম্বুর মধ্যে বাস করার চেয়ে
বরং আমার ঈশ্বরের ঘরের দরজার চৌকাঠের কাছে
দাঁড়িয়ে থাকা অনেক ভাল।
11সত্যি ঈশ্বর সদাপ্রভুই সূর্য ও ঢালের মত;
তিনি দয়া ও গৌরব দান করেন।
যারা সৎ ভাবে চলে তাদের কোন ভাল জিনিস দিতে
তিনি অস্বীকার করেন না।
12হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু,
যে তোমার উপর নির্ভর করে সে ধন্য।