Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

85
গান পরিচালকের সংকলনের জন্য। কোরহের বংশের গান।
1হে সদাপ্রভু, তোমার দেশের প্রতি তুমি দয়া দেখিয়েছ;
তুমি যাকোবকে তার বন্দীদশা থেকে ফিরিয়ে এনেছ।
2তোমার লোকদের অন্যায় তুমি ক্ষমা করেছ;
তুমি তাদের সব পাপ ঢেকে দিয়েছ। [সেলা]
3তোমার সমস্ত উপ্চে পড়া ক্রোধ
তুমি দূর করে দিয়েছ
আর তোমার জ্বলন্ত ক্রোধ থেকে ফিরেছ।
4হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর,
তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন;
আমাদের প্রতি তোমার অসন্তোষ তুমি থামাও।
5চিরকাল কি তুমি আমাদের উপর
তোমার ক্রোধ বজায় রাখবে?
বংশের পর বংশ ধরে কি তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েই থাকবে?
6তোমার লোকেরা যাতে তোমাকে নিয়েই আনন্দিত হতে পারে
সেজন্য কি তুমি তাদের আবার জীবিত করে তুলবে না?
7হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা তুমি আমাদের দেখাও
আর আমাদের উদ্ধার কর।
8সদাপ্রভু ঈশ্বর যা বলবেন আমি তা শুনব;
তাঁর লোকদের কাছে, তাঁর ভক্তদের কাছে
তিনি শান্তির কথা বলবেন;
কিন্তু তারা যেন আর বোকামির দিকে না ফেরে।
9যারা তাঁকে ভক্তি করে সত্যিই তাঁর উদ্ধার করার সময়
তাদের কাছে এসে গেছে;
এতে তাঁর মহিমা আমাদের দেশে বাস করবে।
10অটল ভালবাসা ও বিশ্বস্ততার মিলন ঘটবে;
ন্যায় এবং মংগল একে অন্যকে চুম্বন করবে।
11দেশের মাটি থেকে বিশ্বস্ততা গজিয়ে উঠবে;
স্বর্গ থেকে ন্যায় নীচে তাকিয়ে দেখবে।
12যা ভাল সদাপ্রভু সত্যিই তা দেবেন,
আর আমাদের দেশ ফসল দান করবে।
13ন্যায় তাঁর আগে আগে চলবে;
সে তাঁরই পায়ের চিহ্নে চলার পথ গড়ে দেবে।